ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়তে হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সেই বিতর্কের রেশ না কাটতেই আগামী আসরের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। তবে সেখানে নেই আইপিএলে বাংলাদেশের সবচেয়ে পরিচিত দুই মুখ সাকিব আল হাসান ও মোস্তাফিজ।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে মঙ্গলবার ১ হাজার ২২০ ক্রিকেটারের প্রাথমিক তালিকা পাঠানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেই তালিকাতেই বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম থাকার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
তালিকায় থাকা বাংলাদেশিরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
তবে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমগুলোর তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ক্রিকবাজ ১২ জনের নাম প্রকাশ করলেও ইএসপিএনক্রিকইনফোর বরাতে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে ১১ বাংলাদেশির কথা বলা হয়েছে। সেখানে তাসকিন আহমেদের নাম নেই। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই সংখ্যা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে।
এর চেয়েও বড় প্রশ্ন, নিলামের তালিকায় থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা শেষ পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না।
গত মৌসুমে মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। ২০২৬ সালের আইপিএলের নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে হয় কলকাতাকে।
সেই ঘটনার পর বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো স্পষ্ট কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ফলে এবার বাংলাদেশের একাধিক ক্রিকেটার নিলামের তালিকায় থাকলেও তাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা আগ্রহ দেখাবে, তা এখনই বলা কঠিন।
আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন মোস্তাফিজ। এখন পর্যন্ত পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন এই পেসার। এরপর কলকাতার সঙ্গে চুক্তি হলেও সেই দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার।
এবারের নিলামের আগে মোস্তাফিজের নাম নিবন্ধনের খবরও প্রকাশিত হয়েছিল। তবে মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় তাকে পাওয়া যায়নি। কেন তার নাম নেই, সেটিও এখনো পরিষ্কার নয়।
অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানও নিলামের প্রাথমিক তালিকায় নেই। আইপিএলে নয় মৌসুম খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিবকে সর্বশেষ আইপিএলে দেখা গেছে ২০২১ সালে।
এবারের নিলামে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করা ১ হাজার ২২০ ক্রিকেটারের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। তবে এত ক্রিকেটারের মধ্যে শেষ পর্যন্ত দল পাওয়ার সুযোগ খুব সীমিত।
দশটি ফ্র্যাঞ্চাইজিতে সব মিলিয়ে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে বিদেশিদের জন্য খালি আছে মাত্র ২৫টি জায়গা। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের শুধু রাজনৈতিক ও প্রশাসনিক অনিশ্চয়তাই নয়, মাঠের পারফরম্যান্স ও দলগুলোর চাহিদার ভিত্তিতেও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
অবশ্য প্রাথমিক তালিকায় থাকা মানেই যে সবাই নিলামে উঠবেন, এমন নয়। আগামী ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে। তার ভিত্তিতে চূড়ান্ত নিলাম তালিকা তৈরি করা হবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে নতুন নাম যুক্ত হওয়ার সুযোগও রয়েছে।
সেই প্রক্রিয়া শেষে নিলামের প্রায় এক সপ্তাহ আগে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা এবং বিভিন্ন সেট প্রকাশ করার কথা আইপিএল কর্তৃপক্ষের।
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তাই এখন অপেক্ষা দুটি বিষয়ের। প্রথমত, প্রাথমিক তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে কারা চূড়ান্ত নিলামে জায়গা পান। দ্বিতীয়ত, তাদের কাউকে দলে নিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায় কি না।