সুপার স্পোর্ট পার্কে দ্বিতীয় দিন ৪০৬ রান করে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা।
উইকেট উদযাপন করছে বাংলাদেশ। ছবি: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে ক্রিস মরিস বললেন, সবচেয়ে ভালো ব্যাটিং কন্ডিশন থাকবে আজ। পরে সাবেক অলরাউন্ডারের কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে হতাশায় নিমজ্জিত করে বড় লিড পেল স্বাগতিকরা।
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৪৯৪ রান। এরই মধ্যে তাদের লিড ৪০৩ রানের। টেস্ট ক্রিকেটে গত সাড়ে সাত বছরের মধ্যে আগে ব্যাটিং করে এত বেশি লিডের নিচে পড়েনি বাংলাদেশ।
এ নিয়ে সব মিলিয়ে ৮ বার ৪০০ রানের বেশি লিড হজম করল বাংলাদেশ। আগের সাত ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে তারা। এবাই সুপার স্পোর্ট পার্কে তাই সামনের দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জই পাড়ি দিতে হবে সফরকারীদের।
আগের দিনের বিবর্ণ বোলিং-ফিল্ডিংয়ে কোনো উন্নতি এদিন করতে পারেনি বাংলাদেশ। একাধিক ক্যাচ ছুটেছে হাত থেকে, বোলাররা পারেননি স্বাগতিকদের বিপাকে ফেলতে। তিন সেশনেই দুটি করে উইকেট হারালেও অনায়াসে খেলে সারা দিনে গড়ে ওভারপ্রতি ৪.১৪ রান করে দক্ষিণ আফ্রিকা।
সকালের সেশনে রীতিমতো টি-টোয়েন্টি ব্যাটিংয়ে পরপর দুই ম্যাচে দেড়শছোঁয়া ইনিংস খেলেন মার্কেস অ্যাকারম্যান। আগ্রাসী ব্যাটিংয়ে তিনি গড়েন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড। সেঞ্চুরি করেন ভিয়ান মুল্ডার। এছাড়া ফিফটি করেন টনি ডি জর্জি ও মার্কো ইয়ানসেন।
৪৬ রানে দিন শুরু করে ফিফটি ছুঁতে সময় নেননি অ্যাকারম্যান। এরপর ইতিবাচক ব্যাটিংয়ে দ্রুত রান করতে থাকেন বাঁহাতি ওপেনার। অন্য প্রান্তে জুবেইর হামজা ধীরেসুস্থে খেললেও সার্বিকভাবে দলের রান রেট কমতে দেননি অ্যাকারম্যান।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি হামজা। পানি বিরতির আগের ওভারে তাকে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। স্টাম্পের ওপর থাকা ডেলিভারি ফ্লিক করতে গিয়ে ব্যাট-প্যাড হয়ে গালিতে ক্যাচ দেন ২৭ রান করা ব্যাটসম্যান। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি।
সঙ্গী ফিরলেও দমে যাননি অ্যাকারম্যান। উল্টো আরও ধারাল হয় তার ব্যাট। ৩৪তম ওভারে শরিফুল ইসলামের বলে ৪টি চার মারেন তিনি। তৃতীয় বাউন্ডারিতে মাত্র ১১১ বলে পূর্ণ হয় তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলতে নেমে ৩৬তম ওভারে আক্রমণে আসেন নাজমুল হোসেন শান্ত। দুটি করে চার-ছক্কা মেরে ২০ রান নেন অ্যাকারম্যান। এরপর আর বোলিংয়ে দেখা যায়নি বাংলাদেশ অধিনায়ককে।
কিছুক্ষণ পর টনি ডি জর্জির ফিরতি ক্যাচে কাছাকাছি গিয়েও হাতে রাখতে পারেননি তাসকিন আহমেদ। পরের ওভারে শরিফুলের বলে দুই চারের মাঝে ছক্কা মারেন অ্যাকারম্যান। প্রোটিয়াদের রান রেট আবার উঠে যায় পাঁচে।
শরিফুলের পরের ওভারে বাউন্ডারি মেরে ১৩৭ বলে দেড়শ পূর্ণ করেন ৩০ বছর বয়সী ওপেনার। দক্ষিণ আফ্রিকার হয়ে এটিই দ্রুততম দেড়শ রানের রেকর্ড। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে এই মাইলফলক স্পর্শ করেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
রেকর্ড গড়ার আনন্দেই হয়তো মনোযোগ সরে যায় অ্যাকারম্যানের। শরিফুলের ফুল টস ব্যাটে খেলতে পারেননি তিনি। প্যাডে লাগার পর আর সংশয় ছিল না। আম্পায়ারও আঙুল তুলতে সময় নেননি। রিভিউ নিয়েও ফায়দা হয়নি প্রোটিয়া ওপেনারের।
এক সেশনেই ১০৪ রান করে ফেরেন অ্যাকারম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে দিনের প্রথম সেশনে ১০০ বা তার বেশি রান করা চতুর্থ ব্যাটসম্যান তিনি। তার আগে ১৯২৯ সালে টাপি ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স ও গত বছর ভিয়ান মুল্ডার দিনের প্রথম সেশনে একশর বেশি রান করেন।
সব মিলিয়ে ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংসে অ্যাকারম্যানের হয়ে গেল ৪৭০ রান। দক্ষিণ আফ্রিকার রেকর্ড এটিই। এর আগে প্রথম ৬ ইনিংসে ৪৪৫ রান করেন সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি।
অ্যাকারম্যানের বিদায়ের পরও স্বাগতিকদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ওভারপ্রতি ৪ গড়ে ১২৮ রান করে স্বাগতিকরা। বিপরীতে তারা হারায় রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটস্কির উইকেট।
জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রিটস্কি। ১০ রানে থাকতে ইবাদত হোসেন চৌধুরির বলে স্লিপে তার ক্যাচ ছাড়েন শান্ত। এরপর আর ১০ রান যোগ করে খালেদের বলে কভারে জাকের আলির হাতে সহজ ক্যাচ তুলে দেন ব্রিটস্কি।
রিকেলটনের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু পারেননি ইনিংস বড় করতে। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে জাকেরের হাতেই ধরা পড়েন প্রোটিয়া কিপার-ব্যাটার।
চা বিরতির আগে আর মেলেনি সাফল্য। এর সঙ্গে যোগ হয় লিটন কুমার দাসের কুঁচকির চোট। ৬৭তম ওভারে মাঠ ছেড়ে যান তিনি। দিনের বাকি সময় কিপিংয়ের দায়িত্ব সামলান জাকের। পরে ৬৯তম ওভারে মুমিনুলের প্রথম দুই বলে অল্পের জন্য বেঁচে যান ডি জর্জি।
প্রথম বলে আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। ইমপ্যাক্টে আম্পায়ার্স কল হওয়ায় বিপদ ঘটেনি ডি জর্জির। পরের বলে আম্পায়ার আঙুল তুলে দিতেই ফেরার পথ ধরেন তিনি। থামিয়ে রিভিউ নিতে বলেন মুল্ডার। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যেত বল। তাই আবারও বেঁচে যান বাঁহাতি ব্যাটসম্যান।
বিরতিতে যাওয়ার আগে ১০৩ বলে ফিফটি পূর্ণ করেন ডি জর্জি। এরপর আবার খোলসে ঢুকে যান। তবে অন্য প্রান্তে মুল্ডার ছিলেন সাবলীল। তার ফিফটি করতে ৮৭ বল। পরের ওভারেই খালেদের বলে তিনি মারেন তিনটি বাউন্ডারি।
দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ষষ্ঠ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাসকিনের বলে কট বিহাইন্ড হন ১৩৭ বলে ৬৬ রান করা ডি জর্জি। ততক্ষণে তিনশর কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকার লিড।
এরপর মার্কো ইয়ানসেনকে নিয়ে এগিয়ে যান মুল্ডার। নতুন বল পেয়েও তাদের জুটিতে ফাটল ধরাতে পারেনি বাংলাদেশ। দিনের প্রথম দুই সেশনের তুলনায় কিছুটা রক্ষণাত্মক খেলেন দুই পেস বোলিং অলরাউন্ডার। তবু রানের চাকা থামতে দেননি তারা।
মাত্র ৫৮ বলে ফিফটি করেন ইয়ানসেন। একশ হওয়ার আগেই থামতে পারত মুল্ডার-ইয়ানসেন জুটি। মুমিনুলের বলে শর্ট কভারে ইয়ানসেনের ক্যাচ ছেড়ে দেন মাহফিজুল ইসলাম। ৫৮ রানে বেঁচে যান পেস বোলিং এই অলরাউন্ডার।
পরে দিনের শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন মুল্ডার। টেস্ট ক্যারিয়ারে ছয়বার পঞ্চাশ ছুঁয়ে পাঁচটিকে তিন অঙ্কে নিলেন তিনি। মাইলফলক স্পর্শ করার পর তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম শিকার হয়ে ড্রেসিং রুমে ফেরেন মুল্ডার। ১০৬ রানে থামে সপ্তম উইকেট জুটি।
সাইমন হার্মারকে নিয়ে নতুন দিন শুরু করবেন ৬৭ রানে থাকা ইয়ানসেন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৮৮/১) ১১৫ ওভারে ৪৯৪/৭ (অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, ডি জর্জি ৬৬, ব্রিটস্কি ২০, রিকেলটন ২০, মুল্ডার ১০০, ইয়ানসেন ৬৭*, হার্মান ০; তাসকিন ১৮-২-৬১-১, শরিফুল ২১-৩-৯৫-২, খালেদ ২১-৪-৮৮-২, ইবাদত ১৯-৩-৮৯-১, শান্ত ১-০-২০-০, মুমিনুল ২৩-০-৯২-০, হৃদয় ১২-১-৪৫-১)