1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১ হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাগলা মসজিদের অর্থে নির্মিত হবে বিশ্বমানের ইসলামিক কমপ্লেক্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এখানে। কেউ নামাজ পড়তে, কেউ মানত নিয়ে, আবার কেউ নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে। তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হলে পাওয়া যায় কোটি কোটি টাকা। এবারও ব্যতিক্রম হয়নি। বর্তমানে মসজিদের তহবিলে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

মানুষের ভালোবাসার দানে গড়ে ওঠা এই বিপুল অঙ্কের টাকা দিয়েই পাগলা মসজিদকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ জন্য বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি মসজিদের নামে কেনা হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটি জানায়, আধুনিক তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিত হবে ১০ তলাবিশিষ্ট বহুমুখী এই কমপ্লেক্স। এই কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে প্রায় ১১৫ কোটি টাকা। এতে থাকবে মাদ্রাসা, এতিমখানা, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, গেস্টহাউজ এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা। নতুন কমপ্লেক্সে এক জামাতে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, নতুন কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মসজিদের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও অন্যান্য সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের সুনাম-সুখ্যাতি শুধু দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন মনোবাসনা নিয়ে এখানে আসেন এবং মুক্তহস্তে দান করেন। মসজিদের দানবাক্স খুললেই কোটি কোটি টাকা পাওয়া যায়।

তিনি বলেন, পাগলা মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কারিগরি শিক্ষার উদ্যোগ নেওয়া উচিত। এতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

সংসদ সদস্য আরও বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে আসেন। তাদের যেন নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি ও নামাজ আদায় করতে কোনো অসুবিধা না হয়, সেজন্য পাগলা মসজিদ ঘিরে ইতোমধ্যে একটি নকশা প্রণয়ন করা হয়েছে।

পাগলা মসজিদের পরিচিতি শুধু দানের টাকার কারণে নয়। এর রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। স্থানীয়ভাবে প্রচলিত নানা কাহিনি এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মসজিদের দানের টাকায় পরিচালিত হচ্ছে মাদ্রাসা, বহন করা হচ্ছে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ। এ ছাড়া জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায়ও সহায়তা দেওয়া হচ্ছে ।

পাগলা মসজিদ প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সময় নিয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে মসজিদটির উৎপত্তি ও নামকরণ নিয়ে একাধিক কাহিনি প্রচলিত আছে।

জনশ্রুতি আছে, দেওয়ান জিলকদর খান নামে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর তীরে একটি টিলায় ইবাদত-বন্দেগি করতেন। তিনি জিলকদর পাগলা সাহেব নামেও পরিচিত ছিলেন। তাঁর আধ্যাত্মিক জীবনযাপন ও ধর্মীয় কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে সেখানে মানুষের সমাগম বাড়তে থাকে। পরে তাঁর অবস্থানস্থলকে কেন্দ্র করে একটি মসজিদ গড়ে ওঠে। স্থানীয়দের ধারণা, তাঁর নামের সঙ্গে মিল রেখেই মসজিদটির নাম হয় পাগলা মসজিদ।

স্থানীয় বাসিন্দাদের আরেক অংশের প্রচলিত ধারনা অনুযায়ী, হয়বতনগর জমিদার পরিবারের এক নারী স্থানীয়ভাবে পাগলা বিবি নামে পরিচিত ছিলেন। তাঁর উদ্যোগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তবে এসব কাহিনির কোনটি প্রকৃত ইতিহাস, তা নিশ্চিত হওয়ার মতো প্রামাণ্য দলিল পাওয়া যায়নি।

মসজিদটি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মানুষের কাছেও এটি ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে মসজিদটি ওয়াক্ফ সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। পাগলা মসজিদের আয়-ব্যয়ের হিসাবও নিয়মিত নিরীক্ষা করা হয়। ওয়াক্ফ এস্টেটের অডিটরের মাধ্যমে মসজিদের আয়-ব্যয়ের অডিট সম্পন্ন করা হয়। নিরীক্ষা শেষে প্রতি অর্থবছরে মসজিদের মোট আয়ের ওপর ৫ শতাংশ হারে ওয়াক্ফ প্রশাসনকে প্রদান করা হয়।

পাগলা মসজিদ নিয়ে মানুষের আগ্রহের বড় একটি কারণ দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ। নির্দিষ্ট বিরতিতে দানবাক্স খোলা হয়। তখন টাকা ছাড়াও পাওয়া যায় স্বর্ণালংকার, রুপা, বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন ধরনের চিঠি।

সর্বশেষ গত ২১ নভেম্বর শনিবার চার মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্স খোলা হয়। সকাল ৭টায় মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খোলা হয়। এতে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। সারাদিন গণনা শেষে রাত সোয়া ১০টায় জানা যায়, সব মিলিয়ে এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। বর্তমানে মসজিদের তহবিলে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। এর আগে গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা পাওয়া যায়।

সর্বশেষ গত ২১ নভেম্বর দানবাক্স খোলার পর পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। এসব সামগ্রী দেখে বিস্মিত হয়েছেন অনেকে। কারও কাছে এগুলো নিছক স্বর্ণালংকার। আবার কারও কাছে জীবনের সঞ্চয় ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক। মানুষের এমন বিচিত্র দান পাগলা মসজিদের প্রতি তাঁদের গভীর আস্থা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

এর আগে গত ১২ অক্টোবর সিলগালাকৃত অবস্থায় সংরক্ষিত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা করে পাওয়া যায় প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।

পাগলা মসজিদে মানুষ শুধু টাকা-পয়সা কিংবা স্বর্ণালংকারই দান করতে আসে না। এর বাইরেও প্রতিদিন হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন গবাদিপশুও দান করেন। এ ছাড়া কোরান শরিফ, মোমবাতি, আগরবাতি এবং বাতাসাসহ নানা সামগ্রী দান করেন ধর্মপ্রাণ মানুষ। এসব দানের পেছনেও রয়েছে মানুষের ধর্মীয় বিশ্বাস, মানত ও আল্লাহর প্রতি গভীর আস্থা। প্রতিদিন আসরের নামাজের পর মসজিদের দান ঘরে এসব সামগ্রী নিলামে তোলা হয়।

নিলামের মাধ্যমে বিক্রি করা এসব সামগ্রীর অর্থ জমা হয় মসজিদের তহবিলে। ফলে নগদ অর্থের পাশাপাশি বিচিত্র সব সামগ্রীও পাগলা মসজিদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।

পাগলা মসজিদের তহবিলের অর্থ বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও মানব কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয় এই তহবিল থেকে।

মাদ্রাসা থেকে এ পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। তাঁদের পড়াশোনা, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করা হচ্ছে মসজিদের অর্থে।

এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় হয়। তহবিলে জমা থাকা অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়।

মসজিদ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দানবাক্স থেকে পাওয়া টাকা গণনা শেষে ব্যাংকে জমা দেওয়া হয়। অন্যদিকে স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

মানুষের দানের সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত গল্পও। পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া যায় নানা ধরনের চিঠি।

এসব চিঠিতে কেউ নিজের সমস্যার কথা লেখেন, কেউ প্রিয়জনের জন্য দোয়া চান, আবার কেউ প্রতারণার শিকার হয়ে বিচার প্রার্থনা করেন।

গত শনিবার দানবাক্স খোলার সময়ও পাওয়া গেছে এমন কয়েকটি চিঠি। একটি চিঠিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক ব্যক্তি। আরেকটি চিঠিতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ও তাকে ফিরে পাওয়ার প্রার্থনা লেখা ছিল।

এসব চিঠি থেকে বোঝা যায়, মানুষের কাছে পাগলা মসজিদ শুধু দান করার জায়গা নয়, অনেকেই এখানে এসে নিজেদের মনের কথা ও ব্যক্তিগত কষ্টের কথাও প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ