1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অ‍্যাকারম‍্যানের পঞ্চাশে দক্ষিণ আফ্রিকার লিড রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সরকারি ব্যাংকে চেয়ারম্যান পদে আর নয় সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

সরকারের শেয়ারধারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না চাকরিরত সচিবরা। সমগ্রেডভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও এ নীতিমালা প্রযোজ্য হবে। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মনোনয়নও দেওয়া যাবে না। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে।

খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা এবং পরিচালনা পর্ষদের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালায় এ বিধান রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতির পর পুনরায় পরিচালক হতে বাধা থাকবে না।

নীতিমালা অনুসারে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৭৫ বছর। থাকতে হবে কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা অথবা পেশাগত অভিজ্ঞতা। তবে কর্ম-অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে। চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। তবে বর্তমানে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সচিব এবং সমমর্যাদার কর্মকর্তারা নিযুক্ত রয়েছেন তারা চুক্তির অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে পারবেন।

পর্ষদে পেশাগত বৈচিত্র্য, এক-তৃতীয়াংশ নারী পরিচালক

নতুন নীতিমালায় পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকারের প্রতিনিধিত্ব থাকবে।

পাশাপাশি উপযুক্ত যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীকে পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করা হবে। অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, আর্থিক বাজার, পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধানও রাখা হয়েছে।

একাধিক ব্যাংকের পরিচালক হওয়া যাবে না

নীতিমালায় বলা হয়েছে, সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান না থাকলে কোনো ব্যক্তি একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্বে থাকা অথবা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকলে কোনো প্রার্থীকে নিয়োগ বা মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না।

ছয় সদস্যের বাছাই কমিটি, চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন

চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের ন্যূনতম যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। বাছাই কমিটি ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’ অনুযায়ী প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। পাশাপাশি প্রার্থীদের গোয়েন্দা প্রতিবেদন ও সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মদক্ষতাও যাচাই করা হবে। কমিটির সুপারিশের পর চেয়ারম্যান পদে নিয়োগ, পুনর্নিয়োগ বা মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে। আর পরিচালক পদে নিয়োগ, পুনর্নিয়োগ বা মনোনয়নের ক্ষেত্রে অনুমোদন দিতে হবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে।

মেয়াদ সর্বোচ্চ তিন বছর, পুনর্নিয়োগে বিবেচনায় আসবে পারফরম্যান্স

নতুন নীতিমালায় চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ অনধিক তিন বছর নির্ধারণ করা হয়েছে। কোনো পরিচালক একাদিক্রমে দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর অতিবাহিত হলে তিনি পুনরায় পরিচালক পদে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন।

পর্ষদের দায়িত্ব নির্ধারণ, দৈনন্দিন কাজে হস্তক্ষেপ নয়

নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্ষদ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট বিধিবিধানের পরিপালন নিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে পর্ষদ সদস্যরা সম্পৃক্ত হতে পারবেন না। পর্ষদ সদস্যদের সক্ষমতা বাড়াতে আর্থিক খাতে সুশাসন ও শৃঙ্খলা, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট গভর্ন্যান্স, ব্যাংকিং রেগুলেশন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। চেয়ারম্যান ও পরিচালকদের দায়িত্ব-কর্তব্য এবং সম্মানী প্রদানের ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মতো প্রতিষ্ঠানও এর আওতায় পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ