রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমারের সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির আন্তর্জাতিক বিচার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি বলেছেন, এই রায় বিশ্বজুড়ে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে।
তিনি বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা।
একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে। রোহিঙ্গা গণহত্যার মামলায় সাত বছর ধরে বিচার শেষে আইসিজে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার রায়ে এ কথা বলেছেন।
আন্তর্জাতিক বিচার আদালতে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় দেওয়া হয়েছে। অর্থাৎ আদালতের ৯ জন বিচারক গণহত্যার পক্ষে রায় দিয়েছেন, বিপক্ষে অবস্থান নিয়েছেন ৬ জন বিচারক।
স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
তিনি বলেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
জেনোসাইড বা গণহত্যার লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি।
তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করে।
এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইডের লক্ষ্য নিয়ে কাজ করেছে।