মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় আগামী ১৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। তাদের আশা, এর মাধ্যমে তাদের ওপর সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে এবং খুলবে প্রতিকারের পথ।
রোহিঙ্গা নেতারা এ রায়কে তাদের ওপর নিপীড়নের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে, সাধারণ শরণার্থীদের অনেকের আশা, এ রায় তাদের দীর্ঘদিনের লালিত স্বদেশে ফেরার স্বপ্নকে বাস্তবায়নের পথ করে দেবে।
তবে রোহিঙ্গা সংকট সমাধানে প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারাও হতাশ। এ কারণে তাদের প্রত্যাশাও কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন কয়েকজন রোহিঙ্গা।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রথম সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ‘ন্যায়বিচারের আশায় প্রায় এক দশক ধরে আমরা অপেক্ষায় আছি। আদালতের সিদ্ধান্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমরা আশাবাদী।’
তিনি জানান, রায়ের তারিখ ঘোষণার পর রোহিঙ্গা শিবিরগুলোতে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শরণার্থীরা পরিস্থিতির অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের পক্ষে রায় আসবে বলে আশা করছেন।
সাঈদ বলেন, ‘নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আশা করি, এ রায় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক প্রভাব ও মনোযোগ বাড়াবে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে মনোযোগ ধরে রাখতে হবে এবং রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করার মতো সমাধান বের করার চেষ্টা করে যেতে হবে।’
তিনি স্বীকার করেন, আইসিজের রায় কার্যকর করা কঠিন হতে পারে, কারণ এই রায় বাস্তবায়নে আদালতের ক্ষমতা সীমিত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাসহ রাজনৈতিক বাধাও এ রায় বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।
সাঈদ জানান, তারা জামতলী রোহিঙ্গা ক্যাম্পের একটি মাঠে রায় সরাসরি দেখানোর আয়োজনের পরিকল্পনা করছেন। অনলাইনেও রায় ঘোষণার খবর দেখার ব্যবস্থা করা হচ্ছে।
ক্যাম্পে বসবাসরত এক রোহিঙ্গা শরণার্থী নূর কামাল বলেন, ‘এই রায় আমাদের জীবনে এখনই অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে, বিষয়টি তেমন না। তারপরও আমরা সবাই রায়টি নিয়ে অনেক বেশি আগ্রহী। এর মাধ্যমে অন্তত আমাদের ভোগান্তির কিছুটা স্বীকৃতি পাব।’
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরও আশা প্রকাশ করেন, আদালত গাম্বিয়ার পক্ষে রায় দেবেন এবং রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবেন।
তিনি বলেন, ‘এমন রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে। তাদের ওপর নিপীড়নের ঘটনা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং মিয়ানমার যে এই জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ করেছে, তা প্রতিষ্ঠিত হবে।’
জুবায়ের বলেন, ‘এই স্বীকৃতি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর কাছে উল্লেখযোগ্য নৈতিক গুরুত্ব বহন করতে পারে। এর ফলে তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে উৎসাহিত হবে এবং মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়বে।’
আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের (এআরএফএফ) প্রতিষ্ঠাতা রোহিঙ্গা যুবক মুজিবুর রহমান আইসিজের রায় নিয়ে অত্যন্ত আশাবাদী।
তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আইসিজের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। যারা আমাদের ওপর নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে, শেষ পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা হবে।’
তবে ন্যায়বিচার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা দুটি পৃথক বিষয় বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে রায় দেওয়া হলে সেটা শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও তাৎপর্যপূর্ণ হবে।
তিনি বলেন, ‘এই স্বীকৃতি প্রতিষ্ঠা করবে যে, রোহিঙ্গারা একটি নিপীড়িত জনগোষ্ঠী এবং মিয়ানমার তাদের বিরুদ্ধে যেসব অপরাধ করেছে, সেগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দাবিগুলোর একটি পূরণ হবে।’
তার মতে, এই রায় জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপর রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর নৈতিক চাপ তৈরি করতে পারে এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। রায়ে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি প্রতিফলিত হলে তাদের যে বহিরাগত বলা হয় মিয়ানমারের পক্ষ থেকে, সেই দাবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।
তিনি বলেন, ‘রায় হলেই প্রত্যাবাসন শুরু হবে না। কিন্তু, এর মাধ্যমে রোহিঙ্গাদের অবস্থান আরও শক্তিশালী হতে পারে এবং তাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।’
১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের মাধ্যমে সনদটি লঙ্ঘন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ৭ বছর ধরে মামলাটি আদালতের বিবেচনাধীন রয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় গণহত্যা, যৌন সহিংসতা ও অন্যান্য নৃশংসতার মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গা এখনো বাংলাদেশে অবস্থান করছেন।