1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির টেস্ট সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে বড় ধাক্কা ১০০ রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা ‘কাজের জন্য বিশ্বে সেরা’ কোম্পানির তালিকায় মেটলাইফ চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রায় বিশ্ব অর্থনীতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

২০১৪ সালে ইয়েমেনের সিংহভাগ এলাকা দখল করে নেওয়া হুথি বিদ্রোহীরা এবার দেশটির সৌদি-সমর্থিত সরকারের বাহিনীকে লোহিত সাগর উপকূল থেকে পিছু হটতে বাধ্য করেছে। ফলে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষায় এখন মরিয়া হয়ে উঠেছে সরকারি বাহিনী। হুথিদের এই সামরিক অগ্রযাত্রা ইয়েমেনের সরকার, তাদের সৌদি সমর্থক এবং পরোক্ষভাবে বাকি বিশ্বের জন্য এক উদ্বেগজনক সংকেত বয়ে আনছে।

আরব উপদ্বীপের একেবারে দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পাহাড়ঘেরা, ব্যাপকভাবে অস্ত্রসজ্জিত জনগোষ্ঠী, তীব্র গোত্রভিত্তিক বিভাজন এবং চরম দারিদ্র্যপীড়িত দেশ ইয়েমেনের দুটি সমুদ্র উপকূল রয়েছে। একটি ভারত মহাসাগরের দিকে, যেখানে অবস্থিত একসময়ের সমৃদ্ধ বাণিজ্যিক বন্দর এডেন; আর অন্যটি লোহিত সাগরের দিকে—যেখানে রয়েছে এই জলপথের দক্ষিণ প্রান্তের অত্যন্ত সরু ও কৌশলগত প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালী।

এই প্রণালী যে শক্তির নিয়ন্ত্রণে থাকে, তারাই ভূমধ্যসাগর ও লোহিত সাগর থেকে ভারত মহাসাগর অভিমুখে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজকে হুমকির মুখে ফেলতে পারে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় এবং প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০টি জাহাজ এই প্রণালী অতিক্রম করে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই স্বাভাবিক চিত্র আর নেই। যদিও হুথিরা বরাবরই বলে আসছে যে, তারা সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না। তবে সৌদি আরবের সাথে তাদের চলমান যুদ্ধের কারণে, হুথি-নিয়ন্ত্রিত উপকূল ঘেঁষে সৌদি তেলবাহী ট্যাংকার চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে, পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির আরেকটি সরু পথ—হরমুজ প্রণালী—প্রায় অবরুদ্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে, মূল্যস্ফীতি বাড়ে এবং বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সংকট মোকাবিলায় সৌদি আরবের হাতে একটিই বিকল্প ছিল। ইরানের বিপজ্জনক উপকূল—যেখানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ড্রোন বা সামুদ্রিক মাইনের আঘাতের ঝুঁকি রয়েছে—তা এড়িয়ে তেল রপ্তানির বদলে সৌদি আরব তাদের 'ইস্ট-ওয়েস্ট পাইপলাইন'-এর মাধ্যমে স্থলপথে লোহিত সাগরের ইয়ানবু রপ্তানি টার্মিনালে তেল পাঠাতে শুরু করে। কিছুদিন এই পরিকল্পনা বেশ ভালোভাবেই কাজ করেছিল।

কিন্তু গত জুলাই মাসে সৌদি আরব ও হুথিদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, ওই পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয় এবং হুথিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ শুরু করে। স্থলভাগেও হুথিরা আক্রমণ শুরু করে এবং লোহিত সাগর উপকূল ধরে বিদ্যুৎগতিতে অগ্রসর হয়ে ইয়েমেনি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে। হুথিদের হটাতে ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সংক্ষিপ্ত পাল্টা আক্রমণও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাব আল-মান্দেব প্রণালী ও এর নিকটবর্তী দ্বীপগুলো এখন হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে।

ইয়েমেন ও ইরানে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এবং বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক মিডল ইস্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক নিকোলাস হপটন এ প্রসঙ্গে বলেন, "অন্যান্য এলাকা থেকে সেনা প্রত্যাহার করে এডেনের সামরিক প্রতিরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার যে সিদ্ধান্ত ইয়েমেনের সরকার নিয়েছে, তা এটাই নির্দেশ করে যে সৌদি-সমর্থিত সরকারের জন্য যুদ্ধ পরিস্থিতি ভালো যাচ্ছে না। আর এতে গোটা বিশ্বেরই উদ্বিগ্ন হওয়া উচিত।" তিনি সতর্ক করে দেন যে, প্রায় সাড়ে ১২ লাখ অধিবাসীর বন্দরনগরী এডেন যদি হুথিদের দখলে চলে যায়, তবে তা আঞ্চলিক সংকটকে আরও তীব্রতর করবে এবং ইরান যুদ্ধের প্রভাবে ইতোমধ্যে নাজুক হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলবে।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান বাশা রিপোর্ট-এর ইয়েমেনি-আমেরিকান প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-বাশা মনে করেন, সুরক্ষিত এডেন শহর দখল করা হুতিদের জন্য বেশ কঠিন হবে। তাঁর মতে, এডেনের মতো ঘনবসতিপূর্ণ শহর দখলের যেকোনো চেষ্টা চরম মানবিক মূল্য বা প্রাণহানি ডেকে আনবে। তাছাড়া উপকূলীয় সমভূমি দিয়ে অগ্রসর হলে হুথি বাহিনী আকাশপথের হামলার মুখে পড়বে। আল-বাশা বলেন, "আপাতত হুথিরা আলোচনার মাধ্যমে (প্রতিপক্ষকে) আত্মসমর্পণের পথ খুঁজছে বলে মনে হচ্ছে; ব্যাপক ক্ষয়ক্ষতির শহুরে লড়াই এড়িয়ে দক্ষিণাঞ্চলীয় গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদকে কাজে লাগিয়ে তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে চায়।"

বিশ্লেষকদের ধারণা, ইয়েমেন যুদ্ধ হয়তো বড় কোনো নাটকীয়তা ছাড়াই এক গভীর অচলাবস্থায় স্থিতিশীল হতে পারে—যেখানে হতাহতের সংখ্যা কমলেও দেশটি ইরানের শিয়া মিত্র হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং সৌদি-সমর্থিত মনোবল হারানো দুর্বল ইয়েমেনি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে বিভক্ত হয়ে থাকবে।

ইয়েমেনে নিযুক্ত সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা অ্যাটাশে কর্নেল ইয়ান স্মাইলস সতর্ক করে বলেছেন, গত সেপ্টেম্বরে হুথিরা যখন বাব আল-মান্দেব প্রণালীর তীর দখল করেছিল তখন যেমনটি ঘটেছিল, হুথিদের এই সাম্প্রতিক অগ্রযাত্রাও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়িয়ে দিতে পারে। তাঁর মতে, এর নিরাপত্তা প্রভাব ইয়েমেনের সীমান্ত ছাড়িয়ে আরও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। কর্নেল স্মাইলস বলেন, "পশ্চিম উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারণের মাধ্যমে হুথিরা ইরান, হর্ন অব আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের সক্ষমতা বাড়াতে পারবে, যা পুরো অঞ্চলের জন্য বাড়তি হুমকি তৈরি করবে। এই নিয়ন্ত্রণ ইরান ও হুথি গোষ্ঠী—উভয়কেই পূর্ব আফ্রিকা এবং এর বাইরেও তাদের প্রভাব বিস্তার করার সুযোগ করে দেবে।"

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ