টেস্ট ক্রিকেটে পথচলা শুরুর ২৬ বছর পেরিয়ে লিটন কুমার দাসের ব্যাটে শততম সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জোহানেসবার্গে নান্দনিক সেঞ্চুরিতে ব্যক্তিগত অনেক অর্জন ধরা দিয়েছে লিটন কুমার দাসের ব্যাটে। এর বাইরেও চমৎকার ব্যাটিংয়ে দেশের ইতিহাসেও দারুণ এক মাইলফলকে উঠে গেছে তার নাম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শততম সেঞ্চুরিটি করেছেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটার।
২০০০ সালের নভেম্বরে শুরু সাদা পোশাকে বাংলাদেশের পথচলা। অভিজাত সংস্করণে অভিষেকের ২৬ বছর পেরিয়ে এবার তাদের ঝুলিতে জমা পড়ল ১০০ সেঞ্চুরির কৃতিত্ব। ২০০০ সালের নভেম্বরে ঢাকার জাতীয় স্টেডিয়াম দেশের প্রথম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। মেঘে মেঘে অনেক বেলা পেরিয়ে আরেকটি নভেম্বরে লিটনের ব্যাটে ধরা দিলো শততম সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্মিলিত সেঞ্চুরি ছিল ৯৮টি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম দিন প্রবল চাপের মুখে ১৩৭ রানের ইনিংসে তালিকা আরেকটু লম্বা করে ৯৯-এ নেন তাওহিদ হৃদয়। দিন শেষে ৯২ রানে অপরাজিত থেকে যান লিটন।
নতুন সকালে নিজের মেয়েকে জন্মদিনের উপহার দেওয়ার পাশাপাশি দেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখেন লিটন।
সেঞ্চুরির শতক করতে বাংলাদেশের লেগে গেল ২৬ বছর ও ১৬৫টি ম্যাচ। ভারতের বিপক্ষে নিজের ও দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন আমিনুল। এরপর আর প্রত্যাশামাফিক ধারাবাহিকতায় মেলেনি সেঞ্চুরির দেখা।
একশ সেঞ্চুরি করতে সবচেয়ে বেশি অবদান মুশফিকুর রহিমের। এখন পর্যন্ত দেশের হয়ে সর্বোচ্চ ১০৮ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান করেছেন ১৪টি সেঞ্চুরি। এছাড়া অন্তত ১০টি সেঞ্চুরি করেছেন মুমিনুল হক (৮৩ টেস্টে ১৩) ও তামিম ইকবাল (৭০ টেস্টে ১০)।
সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে টেস্ট সেঞ্চুরি করেছেন ২৯ জন ব্যাটসম্যান। এদের মধ্যে ১৫ জনের নেই একটির বেশি সেঞ্চুরি। অন্তত ৫টি সেঞ্চুরি করেছেন আটজন। শীর্ষ তিনের বাইরে অন্য পাঁচজন- নাজমুল হোসেন শান্ত (৯), লিটন কুমার দাস (৮), মোহাম্মদ আশরাফুল (৬), সাকিব আল হাসান (৫) ও মাহমুদউল্লাহ (৫)।
টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের ডাবল সেঞ্চুরি ৬টি। দেশের প্রথম দ্বিশতকসহ তিনটির মালিক মুশফিক। চলতি মাসেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। এছাড়া অন্য দুটি ডাবল সেঞ্চুরি তামিম ও সাকিবের।
প্রথম টেস্টে প্রথম সেঞ্চুরির পর পরবর্তী ৯ সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয় পাঁচ বছর ও ৩৬টি ম্যাচ। ঢাকায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫৫ বলে ১২১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন নাফিস ইকবাল। তাতে জয়সম ড্র করে বাংলাদেশ। আর প্রথমবারের মতো পায় সিরিজ জয়ের স্বাদ।
টেস্ট ক্রিকেটে এক যুগে পদার্পন করে নিজেদের ২৫তম সেঞ্চুরির দেখা পায় বাংলাদেশ। খুলনায় ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দশ নম্বরে নেমে ১২৩ বলে ১১৩ রানের ইনিংস খেলেন অভিষিক্ত আবুল হাসান।
দীর্ঘ টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে দশ নম্বরে নেমে সেঞ্চুরি নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। সেদিন নবম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ১৮৪ রানের জুটি গড়েন আবুল হাসান।
তার ইতিহাসগড়া সেঞ্চুরিটি ছিল বাংলাদেশের ৭৫তম টেস্ট ম্যাচ।
২৫তম সেঞ্চুরির পর ক্রমেই বাড়তে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানদের শতকের হার। পরের ছয় বছরে তারা করে ফেলে আরও ২৫টি সেঞ্চুরি। মিরপুরে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ১১০তম টেস্টে ৫০তম সেঞ্চুরিটি করেন মুমিনুল। সেদিন তার ব্যাট থেকে আসে ২৪৭ বলে ১৬১ রান।
মুমিনুলের ব্যাটে সেঞ্চুরির ফিফটির পর আরও ২৫ শতকের দেখা পেতে পাঁচ বছরের বেশি লাগেনি বাংলাদেশের। ম্যাচের হিসেবেও সবচেয়ে দ্রুত হয়েছে এই ২৫ সেঞ্চুরি, ২৭ টেস্টে।
মিরপুরে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬৬ বলে ১২৬ রানের ইনিংস খেলেন মুশফিক। সেটি ছিল দেশের ৭৫তম সেঞ্চুরি।
সময়ের হিসেবে সবচেয়ে দ্রুত হয়েছে শেষের ২৫ সেঞ্চুরি। মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই ৭৫ থেকে ১০০ সেঞ্চুরিতে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে এজন্য আগের ২৫ সেঞ্চুরির তুলনায় খেলতে হয়েছে একটি বেশি ম্যাচ।
জোহানেসবার্গে ১২২ রানে পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে গিয়ে ১৪ চার ও ১ ছক্কায় ১৭৯ বলে ১২০ রানের চমৎকার ইনিংস খেলেন লিটন।
দেশের অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি হলেও, ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়ে ১৩ বছর। গলে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২১ বলে ২০০ রানের ইনিংস খেলেন মুশফিক। সেটি ছিল দেশের ৭৬তম টেস্ট।
সেঞ্চুরি ও হ্যাটট্রিকে অনন্য সোহাগ গাজী
২০১৩ সালে দেশের ৮০তম টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন সোহাগ গাজী। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে পরপর তিন বলে কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং ও ডাগ ব্রেসওয়েলকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তরুণ অফ স্পিনার।
টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ঘটনা এটি।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা
ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ
হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে