দুই বছরের বেশি সময় (৮০৩ দিন) পর তথ্য কমিশনে আপিলের শুনানি শুরু হয়েছে। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের পর আজ সোমবার প্রথমবারের মতো আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
আজ শুনানিতে প্রায় পাঁচটি আপিলের মধ্যে তিনটি নিষ্পত্তি করেছে কমিশন। বাকি দুটি আপিলের শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন আপিলের শুনানি গ্রহণ করেন। গত ১৭ অক্টোবর তথ্য কমিশন পুনর্গঠনের পরদিন থেকেই তারা দায়িত্ব পালন শুরু করেন।
দীর্ঘদিন তথ্য কমিশন কার্যকর না থাকায় ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যায়ক্রমে শুনানি করা হবে বলে কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। আজ শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমে গতি আনতে কাজ করছে কমিশন।