1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ভারত থেকে পাকিস্তানে আমদানি বাড়ছে, কারণ কী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ভারত ও পাকিস্তানের বৈরিতার ইতিহাস বহু বছরের। দুই দেশে সরকার ও ক্ষমতাসীন দল কয়েক দফা বদলালেও দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন পরিবর্তন আসেনি। ২০২৫ সালের বসন্তে দুই দেশের মধ্যে অধিকাংশ যোগাযোগও বন্ধ হয়ে যায়।

ওই বছরের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে।

এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে এই চুক্তি। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ, ওয়াঘা সীমান্ত দিয়ে চলাচল বন্ধ এবং বাণিজ্য স্থগিত করে পাকিস্তান।

মে মাসে পরিস্থিতির আরও অবনতি হয়। পরমাণু শক্তিধর দুই রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে। চার দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান ঘটে যুদ্ধবিরতির মধ্য দিয়ে।

যুদ্ধের ১৮ মাস পর পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দুই দেশের বাণিজ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি ৬৯ শতাংশ বেশি।

সর্বশেষ পরিসংখ্যানে কী দেখা যাচ্ছে?

বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির বিপরীতে পাকিস্তানের ব্যাংকগুলো কত অর্থ পরিশোধ করেছে, তার হিসাব রাখে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানির বিপরীতে পাকিস্তানের পরিশোধ করা অর্থের পরিমাণ ছিল ৩ কোটি ৬৬ লাখ ডলার।

যুদ্ধের পর ভারত থেকে আমদানির বিপরীতে মাসিক পরিশোধের পরিমাণ কমে যায়। ২০২৫ সালের এপ্রিলে চার দিনের যুদ্ধ শুরুর ঠিক আগে এর পরিমাণ ছিল ২ কোটি ডলার। জুনে তা কমে ৯২ লাখ ডলার এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে দাঁড়ায়। তবে সেপ্টেম্বরে আবার বেড়ে ১ কোটি ৯৬ লাখ ডলার হয়।

গত জুনে শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির বিপরীতে পাকিস্তান ২০ কোটি ৩৮ লাখ ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের তুলনায় এ পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কম।

তবে মাসিক গড় হিসাবে দেখা যাচ্ছে, আমদানির বিপরীতে পরিশোধের পরিমাণ প্রায় আগের পর্যায়ে ফিরে এসেছে। সংঘাতের আগের ১২ মাসে মাসিক গড় পরিশোধের পরিমাণ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। আর ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৩ মাসে তা ছিল ১ কোটি ৯১ লাখ ডলার।

পণ্যভিত্তিক আমদানির হিসাব রাখা সরকারি বাণিজ্যিক তথ্যের হিসাবে, সর্বশেষ প্রান্তিকে ভারত থেকে পাকিস্তানের আমদানির মূল্যমান ছিল ৬ কোটি ২৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ কোটি ৬৬ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব ও সরকারি বাণিজ্যিক তথ্যের এ পার্থক্যের কারণ হলো, কেন্দ্রীয় ব্যাংক আমদানির বিপরীতে পরিশোধ করা অর্থের হিসাব রাখে। অন্যদিকে সরকারি বাণিজ্যিক তথ্য পণ্যভিত্তিক আমদানির মূল্যমান তুলে ধরে।

ভারত থেকে কী কী পণ্য আমদানি করে পাকিস্তান?

সরকারি বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে পাকিস্তানের মোট আমদানির ৯৬ দশমিক ২ শতাংশ ছিল জৈব রাসায়নিক ও ওষুধশিল্পের পণ্য। আগের অর্থবছরে এ হার ছিল ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে টিকা, রক্তের উপাদান থেকে তৈরি চিকিৎসাপণ্য ও এ ধরনের অন্যান্য পণ্য। এ খাতে আমদানির পরিমাণ ছিল ৯ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের অর্থবছরে ছিল ৭ কোটি ৩ লাখ ডলার। এর মধ্যে মানুষের ব্যবহারের জন্য টিকা আমদানি ১ কোটি ১১ লাখ ডলার থেকে বেড়ে ৩ কোটি ২৩ লাখ ডলারে দাঁড়িয়েছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিব বলেন, দাম ও সরবরাহের সুবিধার কারণে ভারত থেকে এসব পণ্য আমদানি করছে পাকিস্তান।

নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে বাণিজ্য চলছে?

২০২৫ সালের সংঘাতের আগেই ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা চালু করে পাকিস্তান।

২০১৯ সালের ৯ আগস্ট ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের কয়েক দিন পর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে উৎপাদিত বা দেশটি থেকে পাঠানো পণ্য আমদানি নিষিদ্ধ করে।

তবে এক মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ড্র্যাপ) নিয়ন্ত্রণাধীন ওষুধ ও চিকিৎসাসামগ্রীকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত করা হয়।

২০২৫ সালে পেহেলগামে হামলা এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) আরও নিষেধাজ্ঞা আরোপ করে।

২০২৫ সালের ২৪ এপ্রিল এক বিবৃতিতে এনএসসি জানায়, ‘ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হলো। পাকিস্তানের মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য আনা-নেওয়ার বাণিজ্যও এর আওতায় থাকবে।’

তবে পাকিস্তানের আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি সহজ করতে কাজ করা সরকারি সংস্থা ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তানের (টিডিএপি) সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মোতিওয়ালা বলেন, তৃতীয় দেশ হয়ে এখনো কিছু ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করছে।

তিনি আল জাজিরাকে বলেন, ‘ভারতীয় পণ্য দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে পাকিস্তানে আসছে। তবে এসব পণ্যের হিসাব রাখা হয় উৎপত্তির দেশ অনুযায়ী।’

নাম প্রকাশ না করার শর্তে ড্র্যাপের এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানের বাণিজ্যিক সিদ্ধান্তের ক্ষেত্রে শেষ পর্যন্ত একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ—জাতীয় স্বার্থে প্রয়োজন হলে ভারত থেকে পণ্য আমদানি করবে পাকিস্তান।

অন্য দেশ থেকে কি এসব পণ্য আমদানি করতে পারে পাকিস্তান?

ওষুধশিল্পের পণ্যের ক্ষেত্রেই পাকিস্তানের ভারতনির্ভরতা সবচেয়ে স্পষ্ট।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির মোট ৬ হাজার ৪৫০ কোটি ডলারের আমদানির মাত্র ০.৩ শতাংশ এসেছে ভারত থেকে। এ সময়ে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন থেকে ১ হাজার ৯৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি।

তবে ওষুধশিল্পের চিত্র ভিন্ন। ২০২৪ সালে, অর্থাৎ চার দিনের যুদ্ধের আগে, পাকিস্তানে ওষুধ সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, এ ক্ষেত্রে ভারত থেকে সামান্য এগিয়ে ছিল বেলজিয়াম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ