1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান ও গুলিসহ বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই দুই ভারতীয় নাগরিক। পরে তারা আনারস বাগান এলাকায় পৌঁছালে সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি জানায়, আটকের পর তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক দুজনকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ