জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম দিনের আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও পানির সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং খাদ্য অপচয় রোধের বিষয়েও আলোচনা হয়েছে।
তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হওয়া এ সম্মেলনের মূল কূটনৈতিক আলোচনার ক্ষেত্র ব্লু জোন এবং নাগরিক সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত গ্রিন জোনের বিভিন্ন আলোচনা, কর্মশালা ও সংলাপে এসব বিষয় উঠে আসে।
বিশেষ করে বাংলাদেশের মত জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য খাদ্যব্যবস্থা ও কৃষির সুরক্ষা, নিরাপদ পানি এবং অভিযোজনের অর্থায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ব্লু জোনে প্রথম দিনের কর্মসূচিতে খাদ্য ও কৃষি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বৈরী আবহাওয়া, দীর্ঘস্থায়ী খরা, বন্যা ও মাটির লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহব্যবস্থার ওপর তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশের মত নদীমাতৃক, হাওর ও উপকূলীয় অঞ্চলের দেশগুলোর জন্য এসব আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। বন্যা, খরা ও লবণাক্ততার মতো জলবায়ুজনিত ঝুঁকি কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাকে কীভাবে প্রভাবিত করছে, তা বিবেচনায় নিয়ে অভিযোজনের কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
খাদ্য অপচয় ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। কৃষি ও বর্জ্য খাত থেকে নির্গত মিথেন গ্যাসের নিঃসরণ কমাতে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রতিনিধিরা।
এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারে বলে আলোচনায় গুরুত্ব পায়।
গ্রিন জোনেও খাদ্য, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আয়োজন ছিল। সেখানে জলবায়ু সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, খাদ্য অপচয় রোধ এবং স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর মত বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন শক্তিসহ পরিচ্ছন্ন জ্বালানির প্রযুক্তি ও সম্ভাবনা তুলে ধরা হয়।
সম্মেলনে বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক শাহ ইশরাত আজমেরি বলেন, “শুধু আমাদের বাংলাদেশই নয়, সারা বিশ্বই খাদ্যসংকটের মুখে রয়েছে। কপ-৩১-এর উদ্বোধনী দিনের আলোচনায় দুটি জোনেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। বন্যাপ্রবণ দেশ হিসেবে আমাদের জন্য এই সংকট আরও উদ্বেগের।”
তিনি বলেন, “জলবায়ু তহবিলের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছি আমরা। এটা নিশ্চিত হলে আমাদের খাদ্যনিরাপত্তা কর্মসূচি আরও ফলপ্রসূ হবে। তবে আমাদেরও ঝুঁকি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি রাখতে হবে।”
বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজের নগর গবেষক জাহাঙ্গীর আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা বিপর্যস্ত হওয়ার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে। সম্মেলনের প্রথম দিনের আলোচনাতেও বিষয়টি প্রাধান্য পেয়েছে।
তিনি বলেন, “মোট জ্বালানি ব্যবহারের ৭০ শতাংশ নগরবাসী এবং ৩০ শতাংশ গ্রামবাসীর—এমন একটি বৈষম্য রয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হয়ে অনেক গ্রামীণ মানুষ জীবিকার সন্ধানে শহরে আসছেন। এতে তাদের অনিশ্চিত জীবনের মুখে পড়তে হচ্ছে।”
জাহাঙ্গীর আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নগর এলাকায় জ্বালানি ব্যবহারের বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির হিসাব তুলে ধরে এবারের সম্মেলনে ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আগেই বলেছেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ শুধু নিজের জন্য অর্থ বরাদ্দের দাবি তুলবে না; জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য তহবিলের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা করবে।
সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার পর্যন্ত তিনি সম্মেলনের উচ্চ পর্যায়ের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন