1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবিতে উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া। সভা পরিচালনা করেন সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল)। নয় সদস্যের আহ্বায়ক কমিটির আটজন সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রী চাহিদা, পরিচালন ব্যয় এবং রুটটির বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করতে সম্ভাব্য যাত্রীসংখ্যা, আয় ও ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির নেতারা জানান, এসব তথ্য বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতার ভিত্তিতে সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হবে।

সভায় বক্তারা বলেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। এতে যাত্রার সময় কমবে, ট্রানজিটের ভোগান্তি এড়ানো সম্ভব হবে এবং যাতায়াত আরও সহজ হবে।

তবে সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে যাত্রী চাহিদা ও রুটটির অর্থনৈতিক সক্ষমতা আগে যাচাই করা প্রয়োজন বলে মনে করেন তারা।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও সভায় আলোচনায় আসে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা এবং প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথা জানায় সংগঠনটি।

সভায় ফ্রান্সে সংগঠনটির কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় গঠনতন্ত্র প্রণয়ন, সাংগঠনিক কাঠামো নির্ধারণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সদস্যদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা চালুর পরিকল্পনাও সভায় তুলে ধরা হয়। পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে শুধু দাবি উত্থাপনই যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন তথ্যভিত্তিক প্রস্তাব তৈরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।

সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ মিয়া (সিলেট)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ) (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির সদস্যরা হলেন বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ