1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ

ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) চাঙা ছিল দেশটির শেয়ারবাজার। তবে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ওয়াল স্ট্রিটের শেয়ার ফিউচারে মিশ্র প্রবণতা দেখা গেছে। তেলের দাম কমা এবং নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা কাটায় আগের দিন বড় উত্থান হয়েছিল বাজারে।

আজ এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৩ শতাংশ এবং নাসডাক-১০০ ফিউচার ১.১৭ শতাংশ কমেছে। বিপরীতে ডাও জোন্স ফিউচার বেড়েছে ১৪১ পয়েন্ট বা ০.২৬ শতাংশ। খবর সিএনবিসির।

বুধবার (৪ নভেম্বর) ডাও জোন্স সূচক ১ হাজার ৫০০ পয়েন্টের বেশি বা ৩ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সেরা এক দিনের উত্থান। একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১.৬ শতাংশ। এর পেছনে বড় ভূমিকা রেখেছে তেলের দামে পতন। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৮.১২ ডলারে নেমে আসে।

এদিকে, চিপ নির্মাতা কোয়ালকমের আয় পূর্বাভাস ছাড়ালেও প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬.৫ শতাংশ কমেছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান অ্যাপলোভিনের শেয়ারের দাম প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

এশিয়ার বাজারেও বৃহস্পতিবার মিশ্র চিত্র দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৪৯ শতাংশ এবং টপিক্স ২ শতাংশের বেশি বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ২.৩৩ শতাংশ কমেছে। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক বেড়েছে ১.৩৯ শতাংশ।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর বিনিয়োগকারীরা সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে হিসাব-নিকাশ করছেন। নির্বাচনের ফলের প্রভাবে কিছু খাতের শেয়ারে উত্থান দেখা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে চাপ তৈরি হয়েছে।

বিনিয়োগ বিশ্লেষক জর্ডান ওয়াটসনের মতে, বাজারের সাম্প্রতিক উত্থান ও এআই খাত থেকে বিনিয়োগ সরে যাওয়ার প্রবণতা সাময়িক হতে পারে। নির্বাচনের ফল এবং সম্ভাব্য নীতিগত প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ