সিলেট টেস্টেও শুরু হয়েছে আলো-আঁধারের খেলা। প্রথম দিনে আলোকস্বল্পতায় দুইবার বন্ধ হলো ম্যাচ। পরেরবার আর খেলা শুরু করা গেল না। ফলে ২০ ওভার আগেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। এর ফাঁকে যতটুকু খেলা হয়েছে, সেখানে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে পরের দুই সেশনে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শক্ত অবস্থানই তৈরি করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন শেষে ৭০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি তুলে নিয়ে ১৭১ বলে ১১১ রানে অপরাজিত আছেন আমির জাঙ্গু আর ৬২ বলে ৩৫ রানে অপরাজিত আছেন জাস্টিন গ্রেভস।
টসে হেরে বোলিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাপদেশ। দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের পেস আগুনে দিনের শুরুতেই সফরকারীদের চেপে ধরে বাংলাদেশ। দশ ওভারের মধ্যেই তুলে নেয় ৩ উইকেট।
ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন। সাজঘরের পথ দেখান ওপেনার ব্র্যান্ডন কিংকে। ১৮ বল খেলে ৯ রান করতে পারেন কিং। এরপর নিজের প্রথম আর দলের দ্বিতীয় শিকার ধরেন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে তিনি ফেরান নতুন ব্যাটার কাভিম হজকে (১০ বলে ১)।
প্রথম স্পেলেই নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। আরেক ওপেনার জসুয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাসকিন। ১৭ বল খেলে ১২ রান করতে পারেন তিনি।
দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ এরপর ঘুরে দাঁড়ান। কেভিন উইকহ্যাম আর আমির জাঙ্গু মিলে উদ্ধার করেন ক্যারিবীয়ানদের। চতুর্থ উইকেটে ২৫১ বল খেলে গড়েন ১৩১ রানের জুটি। প্রথম সেশন কাটিয়ে দিনের দ্বিতীয় সেশনেও বাংলাদেশের আক্ষেপ বাড়াচ্ছিল আমির জাঙ্গু আর উইকহ্যামের এই জুটি।
চা-বিরতিতে যাওয়ার একটু আগে এই জুটি ভেঙে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন হাসান। হাফসেঞ্চুরি করা অভিষিক্ত ব্যাটার উইকহ্যামকে বোল্ড করে ফেরান হাসান। ফেরার আগে ১৪৫ বল খেলে ৬১ রান করেন তিনি।
দিনের শেষ সেশনে সিলেটেও শুরু হয় আলো-আধাঁরির খেলা। প্রথমে একবার আলেকাস্বল্পতার খেলা বন্ধ হওয়ার পর আবারও শুরু হয় খেলা। কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি। আবারও বন্ধ হলে কিছুক্ষন অপেক্ষা করে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ার।
এই সময়ে বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। বরং আরেকটি জুটি গড়ে বাংলাদেশকে হতাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন ব্যাটার জাস্টিন গ্রেভসকে নিয়ে পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটি গড়েছেন জাঙ্গু। একই সঙ্গে তিনি নিজেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। দিন পার করেছেন আর কোনো বিপদ না ঘটিয়েই।
দ্বিতীয় দিনের সকালটা গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। সকালের ফ্রেশ উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দ্রুতই উইকেট তুলে নিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।