1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর অভিযান জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। তবে তুলনামূলক পিছিয়ে থাকা ভুটানের বিপক্ষে সহজে জয় পায়নি বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে মোহাম্মদ ইব্রাহীমের করা একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরে তিন পয়েন্ট নিয়ে শুভসূচনা হলো টমাস ডুলির দলের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনী আয়োজনের পর মাঠের লড়াইয়ে নামে দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু আক্রমণে ধার ও ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির আগে বরং ভুটানের পেমার একটি বিপজ্জনক শট ঠেকিয়ে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

প্রথাগত স্ট্রাইকারের অভাব সামাল দিতে আজ ভূতুড়ে এক কৌশল বেছে নিয়েছিলেন কোচ ডুলি। রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষকে খেলান আক্রমণভাগের কেন্দ্রে। তবে সেই পরিকল্পনা একদমই কাজে আসেনি। ১৭তম মিনিটে রাকিব হোসেনের ক্রসে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ৩৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ফাহিম ও সমিতের প্রচেষ্টাও ভুটানের রক্ষণে আটকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহমিদুল ইসলামকে নামিয়েও আক্রমণে প্রত্যাশিত গতি আনতে পারেনি বাংলাদেশ। বরং কিছু সময় মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টা আক্রমণে স্বাগতিকদের চাপে রাখে ভুটান। ম্যাচের ৬৫ মিনিটে জোড়া পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ ডুলি। জামাল ভূঁইয়ার বদলে সোহেল রানা এবং বিশ্বনাথের জায়গায় মোহাম্মদ ইব্রাহীমকে মাঠে নামান তিনি।

কোচের সেই সিদ্ধান্তের সুফল পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র চার মিনিট। ৬৯তম মিনিটে জায়ান আহমেদের লম্বা বল থেকে আক্রমণ তৈরি হয়। রাকিব হোসেনের হেডের পর সমিত সোমের ফিরতি হেড ভুটানের এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে ইব্রাহীমের সামনে। সুযোগ বুঝে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। তাঁর গোলেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছিল নাটকীয়তা। আগের দিন জামাল ভূঁইয়ার কাছ থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল তপু বর্মণকে। কিন্তু ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পান তপু। শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনতে হয় বাংলাদেশকে। অধিনায়কের আর্মব্যান্ড ফিরে যায় জামালের হাতে। শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সাফের শুরুতে জয় পেলেও ডুলির একাদশ নির্বাচন নিয়ে সমালোচনা চলছে। বড় টুর্নামেন্টে এমন সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে মনে করছেন অনেকে।

বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১১ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে ৮ নভেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ