ভারতে ব্রাজিলের অনেক তারকাই এসেছেন। তবে কখনো দল হিসেবে আসেনি সেলেসাওরা।
এবার আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হবে।
ঐতিহাসিক লড়াইকে সাধারণ কোনো প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না কার্লো আনচেলত্তি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেছেন, ‘এটি একটি প্রস্তুতিমূলক লড়াই হলেও আমাদের কাছে প্রীতি ম্যাচ বলতে কিছু নেই।
জাতীয় দলের জার্সি গায়ে নামলে সব সময় নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমরা এখন ফুটবলারদের একটি নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’
দুই দলের শক্তি-সামর্থ্য ও ফিফা র্যাংকিংয়ের কারণেই হয়তো অনেকে এই মুখোমুখি হওয়াকে ব্রাজিলের জন্য সাধারণ প্রীতি ম্যাচ বলে মনে করছেন। আনচেলত্তি মানতে নারাজ।
ভারত সফর চমৎকার বলে জানিয়ে ইতালিয়ান কোচ বলেছেন, ‘ভারত সফরটা আমাদের জন্য বেশ চমৎকার হতে যাচ্ছে। সত্যি বলতে, বিশ্বমানের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ভারতের খুব একটা নেই, তারা মাঠে কেমন খেলে সেটা আমাদের বুঝতে হবে। তা ছাড়া আমি নিজে এর আগে কখনো ভারতে যাইনি।’
ব্রাজিলের মুখোমুখি হওয়া ভারতের জন্যও দারুণ কিছু হতে যাচ্ছে বলে মনে করেন আনচেলত্তি। ৬৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘বিশ্বের আনাচেকানাচে ব্রাজিলের সমর্থক আছে।
জাতীয় দলের এই গৌরবময় ইতিহাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতে গিয়ে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ আনন্দের—শুধু সেখানে থাকা ব্রাজিলিয়ানদের জন্যই নয়, বরং ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যও।’
আগামী ৩ অক্টোবর প্রীতি ম্যাচটি হবে। লড়াইটা হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। ম্যাচটির জন্য ইতিমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে সেলেসাওরা। রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাদের সঙ্গে আছেন তরুণরাও। ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথমটি আগামীকাল। অন্যটি ২৯ সেপ্টেম্বর।