বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান জুলং গ্রুপ। বাংলাদেশে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণের পাশাপাশি সেগুলো বিদেশে রপ্তানি করতে চায় প্রতিষ্ঠানটি।
আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বেন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় জুলং গ্রুপ। এসব নৌযান দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
জুলং গ্রুপের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ রয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের সিদ্ধান্ত সময়োপযোগী। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।