সুসজ্জিত নৌকায় ঢাক-ঢোলের তালে চলছে ভাটিয়ালী গান। মাঝিদের কণ্ঠে ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো'। পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর হয়ে উঠেছে চারপাশ।
ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে গুরুদাসপুরের চেচুয়া নদীতে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার মানুষ। দক্ষিণ চলনবিল অধ্যুষিত দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম খাঁকড়াদহ, শরীফপুর, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকার চেচুয়া নদীতে এ বাইচকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আত্মীয়স্বজনের আগমন ঘটে। নদীর দুইপাড়ে লক্ষাধিক উৎসুক দর্শকের সমাগম ঘটে।
বুধবার বিকেল ৩টায় উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে বাইচের ফাইনাল পর্ব শুরু হয়। বাইচে সোনার মদিনা এক্সপ্রেস, কান্দিপাড়া সোনার তরী, একতা এক্সপ্রেস, রিয়াদ এন্টার প্রাইজ, মোল্লাপাড়া এক্সপ্রেসসহ ১৪টি নৌকা অংশ নেয়। ৭টি গ্রুপে বিভক্ত নৌকার মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা।
১ম হয়েছে কচুগাড়ী একতা এক্সপ্রেস, ২য় কচুগাড়ী রিয়াদ এক্সপ্রেস ও ৩য় হয় সোনার মদীনা এক্সপ্রেস। সবশেষে পানশী নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ করেন আয়োজক বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রথম বিজয়ীকে বড় ফ্রিজ, দ্বিতীয়কে ৩২ ইঞ্চি এলইডি ও তৃতীয় স্থান অর্জনকারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। বাইচে অংশ নেয়া অন্যান্য নৌকার মালিকরাও সৌজন্য পুরস্কার পান।