আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ ব্রাজিলের আদিবাসী নেতা রাওনি মেটুকটিরে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিপাকতন্ত্রে ক্যানসার শনাক্ত হয়েছে এবং বর্তমানে বাড়িতে তাঁর উপশমমূলক চিকিৎসা চলছে। সোমবার তাঁর সংগঠন এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দীর্ঘ কয়েক দশক ধরে রাওনি বিশ্বজুড়ে আমাজন বন এবং ঐতিহ্যবাহী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে আসছেন। এ জন্য তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা-রানি ও পোপদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের কাছে আমাজন ও আদিবাসীদের সুরক্ষার দাবি তুলে ধরেছেন।
৯৪ বছর বয়সী রাওনি সাম্প্রতিক মাসগুলোতে অসুস্থ ছিলেন। গত জুনে তাঁর অন্ত্রে বাধা সৃষ্টি এবং খাবার বা তরল ফুসফুসে ঢুকে নিউমোনিয়া হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাওনি ইনস্টিটিউট সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, তাঁর বয়স, শারীরিক অবস্থা এবং আক্রমণাত্মক চিকিৎসার উচ্চ ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকেরা উপশমমূলক চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।
রাওনি যে আদিবাসী এলাকায় বসবাস করেন, তার কাছের বড় শহর পেইশোতো দে আজেভেদোতে বর্তমানে তার চিকিৎসা চলছে।
রাওনি ইনস্টিটিউট জানায়, প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক চিকিৎসা মানে চিকিৎসা বন্ধ করে দেওয়া নয়। বরং এর লক্ষ্য হলো রোগীর যতটা সম্ভব ভালো জীবনযাপন ও জীবনমান নিশ্চিত করা।
জুনে সাও পাওলোতে তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, একটি ক্যানসারযুক্ত টিউমারের কারণে তাঁর অন্ত্রে বাধা সৃষ্টি হয়েছিল, যে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্যগত নানা সমস্যার মধ্যেও সম্প্রতি পর্যন্ত কায়াপো জনগোষ্ঠীর এই নেতা সক্রিয় ছিলেন।
গত এপ্রিলেও তিনি ব্রাজিলের আদিবাসীদের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ ‘ফ্রি ল্যান্ড ক্যাম্পে’ অংশ নেন।
১৯৭০-এর দশকে ব্রাজিলের সামরিক শাসনামলে ট্রান্স-আমাজনিয়ান মহাসড়ক নির্মাণের বিরোধিতা করে আন্দোলন করার মাধ্যমে রাওনি প্রথম আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন।
এরপর ১৯৮৯ সালে তিনি প্রথমবারের মতো ব্রাজিলের বাইরে যান। ব্রিটিশ সংগীতশিল্পী স্টিংয়ের সঙ্গে আন্তর্জাতিক সফরে অংশ নিয়ে তিনি বিশ্বের ১৭টি দেশ ভ্রমণ করেন। আমাজন বন উজাড়ের ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল ওই সফরের মূল উদ্দেশ্য।