সিনেমা হলে যাওয়ার সময় নেই? ঘরে বসেই নতুন কিছু দেখতে চাইছেন? তাহলে এ সপ্তাহে আপনার জন্য রয়েছে বেশ কিছু নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। বাংলা সিনেমা থেকে হিন্দি ইতিহাসনির্ভর সিরিজ, কোরিয়ান রোমান্স থেকে অস্ট্রেলিয়ান থ্রিলার—বিভিন্ন স্বাদের কনটেন্ট নিয়ে হাজির হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। এ সপ্তাহের আলোচিত কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
বাংলা সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পেয়েছে আইস্ক্রিনে ১০ সেপ্টেম্বর। আনান সিদ্দিকা, ইরেশ যাকের ও লুৎফর রহমান জর্জ অভিনীত সিনেমাটি তৈরি হয়েছে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে।
শাহানা নামের এক নারীর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। পরিবার ও সমাজের চাপ, নারীর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা এবং সব প্রতিকূলতা পেরিয়ে নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর গল্প দেখানো হয়েছে এতে।
ইতিহাস আর অ্যাকশনের গল্প পছন্দ হলে তালিকায় রাখতে পারেন ‘দ্য রেভল্যুশনারিজ’। ভুবন বাম, রোহিত শরাফ, প্রতিভা রানতা ও গুরফাতেহ পীরজাদা অভিনীত সিরিজটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে প্রাইম ভিডিওতে। ভারতের স্বাধীনতার লক্ষ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তরুণ বিপ্লবীদের সশস্ত্র আন্দোলনই সিরিজটির মূল গল্প। শ্রী অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ, বাঘা যতীন, রাসবিহারী বসু ও ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের সংগ্রাম উঠে এসেছে এতে।
সারোগেসি, পরিবার ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি তেলুগু সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’। ১১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন সুরিয়া ও মামিথা বাইজু সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হয় ধনকুবের সঞ্জয়। কয়েক বছর পর সন্তান জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ফিরে আসতে হয় সারোগেট মা ম্যাডিকে। সন্তানের সংকটময় সময়ে কাছাকাছি আসতে আসতে দুজনের সম্পর্কও নতুন মোড় নেয়।
একটু হালকা মেজাজের কিছু দেখতে চাইলে বেছে নিতে পারেন ‘চুম্বক’। নীনা গুপ্তা, দেবেন ভোজানি, অর্জুন বিজলানি ও মানসী পারেখ অভিনীত কমেডি সিরিজটি ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। চুম্বক কলোনির পাঁচ পরিবারকে ঘিরে তৈরি হয়েছে গল্প। সেখানে প্রতিবেশীদের অন্যের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত আগ্রহের কারণে ছোটখাটো পারিবারিক ঘটনাও মুহূর্তে পুরো কলোনির আলোচনার বিষয় হয়ে ওঠে।
কোরিয়ান রোমান্সের ভক্তদের জন্য রয়েছে ‘আ লাভ আদার দ্যান ইয়োরস’। স কাং জুন ও আন উন জিন অভিনীত সিরিজটি ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রাইম ভিডিওতে। দীর্ঘদিনের সম্পর্কে একঘেয়েমি চলে আসার পর এক জুটির জীবনে নতুন দুজন মানুষের আগমন ঘটে। পুরোনো সম্পর্ক, নতুন আকর্ষণ আর সুপ্ত আবেগের টানাপোড়েন নিয়েই এগিয়েছে গল্প।
রহস্য-থ্রিলার পছন্দ হলে নজর দিতে পারেন ‘লাস্ট সিন’-এ। প্যাট্রিক ব্রামল, ব্রেন্ডন কাওয়েল ও ম্যাক্সিন পিক অভিনীত অস্ট্রেলিয়ান এই সিরিজটি ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাপল টিভিতে। ১১ বছর আগে মেয়ে ম্যাগিকে হারিয়েছিল সাবেক গোয়েন্দা ইয়ান রিডলি। এখন জরুরি হেল্পলাইনে কাজ করে সে। হঠাৎ এক কিশোরীর আতঙ্কিত ফোনকল পেয়ে ইয়ান ধারণা করে, মেয়েটি তারই হারিয়ে যাওয়া ম্যাগি। এরপর শুরু হয় মেয়েকে খুঁজে বের করার মরিয়া অভিযান।
অপরাধ আর অ্যাকশনের গল্প দেখতে চাইলে ‘ঘামাসান’ হতে পারে পছন্দ। প্রতীক গান্ধী ও আরশাদ ওয়ারসি অভিনীত সিনেমাটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জি৫-এ।বুন্দেলখণ্ডের পটভূমিতে তৈরি সিনেমাটিতে এক পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী এক ডাকাতের সংঘাতের গল্প উঠে এসেছে। ক্ষমতা, প্রতিশোধ ও ন্যায়বিচারের লড়াই নিয়েই এগিয়েছে কাহিনি।
পুরোনো ‘আলি বাবা’ গল্প এবার এসেছে নতুন রূপে। ১১ সেপ্টেম্বর জিওহটস্টারে মুক্তি পেয়েছে ‘আলি বাবা অ্যান্ড চল্লিশ ভূত’। পরিচিত গল্পের সঙ্গে ভৌতিক আবহ ও কমেডি যোগ করে তৈরি হয়েছে সিরিজটি। আলিবাবা ও চল্লিশ ভূতের নানা কাণ্ডকারখানা নিয়েই এগিয়েছে গল্প। যারা হালকা মেজাজের সঙ্গে একটু ভৌতিক স্বাদও পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে ভালো একটি পছন্দ।
মালয়ালম কমেডি সিরিজ ‘প্রিন্স অব মলিউড’ও ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জিওহটস্টারে। নতুন প্রজন্মের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও নানা হাস্যরসাত্মক ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিরিজটি।সব মিলিয়ে এ সপ্তাহের ওটিটিতে রয়েছে একেবারে ভিন্ন স্বাদের আয়োজন। একদিকে ইতিহাস ও অ্যাকশন, অন্যদিকে রোমান্স-কমেডি; সঙ্গে বাংলা সিনেমা ও রহস্য-থ্রিলার—নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকছে বেশ ভালোই।