হার দিয়ে জুনিয়র মেন’স হকি এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। তিনজিয়ানে আজ পুল ‘বি’ এর ম্যাচে চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে চোখে চোখ রেখে লড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে চীন এগিয়ে গেলেও সমতায় শেষ করে প্রথম কোর্য়াটার। মোহাম্মদ ইসলামের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে লিড নেয় বাংলাদেশ।
শেষ দিকে সতীর্থের নিখুঁত পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন মাহাদী হাসান। তৃতীয় কোয়ার্টারের ৪৪তম মিনিটে কুই ওয়েনজুয়ান পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে চীন।
২-২ ড্রয়েই ম্যাচ শেষ হতে পারত। কিন্তু চতুর্থ কোয়ার্টারে কি যেন হলো বাংলাদেশের।
মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল পোস্টের কাছে পান সুন জিনগ্রান। কিন্তু চীনের খেলোয়াড় ফ্লিকে জালে খুঁজে নেওয়ার আগে বক্সে থাকা গোলকিপারসহ বাকিরা নিষ্ক্রিয়! এতে করে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী রবিবার (৬ সেপ্টেম্বর)। প্রতিপক্ষ মালয়েশিয়া।