দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্যদের (এমপি) প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় এই ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই ভোটগ্রহণ পরিচালনা করছেন এবং সহায়তা করছেন ইসি সচিব আখতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
এদিকে ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করে ইসি।
বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বৈধ হলে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটগ্রহণের সুযোগ সৃষ্টি হয়।