প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও গায়ক হাসান রহিম। চলতি আগস্টেই রাজধানীর মঞ্চে পারফর্ম করবেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই নিশ্চিত করেছেন এই শিল্পী।
বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করে দর্শকদের মাতিয়েছেন তিনি। সেই সফরের অংশ হিসেবেই এবার ঢাকায় আসছেন পাকিস্তানের এই জনপ্রিয় শিল্পী।
আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম।
কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে ‘পিছে হাট’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।
হাসান রহিমের জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’। তাঁর গানে র্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশ্রণ তরুণ শ্রোতাদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে।
এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়ে যান পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত ওই কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করেন তিনি। পরিবেশন করেন তাঁর জনপ্রিয় বেশ কিছু গান।
এদিকে আজ (১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।