প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ২০০৪ সাল থেকে চলতি বছর ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে। তবে এদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বিএমইটিতে ২০০৪ সাল থেকে বিদেশগামী কর্মীদের তথ্য সম্বলিত একটি ডাটাবেজ রয়েছে। বিএমইটির ডাটাবেজের তথ্যানুসারে ২০০৪ সাল থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে। তবে বৈদেশিক কর্মসংস্থান শেষে এদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছে। বিদেশ ফেরত এ সকল কর্মীর তথ্য না থাকায় বর্তমানে কর্মরত কর্মীর সঠিক সংখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না।
আরিফুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে ফেরত আসা কর্মীদের তথ্য আদান-প্রদানের নিমিত্ত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সঙ্গে বিএমইটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান শ্রমবাজার। অধিকাংশ প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে কর্মরত। বর্তমানে ইরান, লেবানন, সিরিয়াসহ সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কর্মী প্রেরণ কিছুটা হ্রাস পেয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যমান শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।