1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

হাশিম আমলা নন, বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে হাশিম আমলার নাম শোনা যাচ্ছিল জোরেসোরে। তবে শেষ পর্যন্ত সাবেক এই প্রোটিয়া ব্যাটারকে নয়, দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরই দেশের আরেক সাবেক ক্রিকেটার ডেল বেনকেনস্টেইনকে। দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণের সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন ৫২ বছর বয়সী এই কোচ।

সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেনকেনস্টেইনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। পুরো সফরেই ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে দলের সঙ্গে থাকবেন বেনকেনস্টেইন।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে আমলার নাম আলোচনায় এসেছিল। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সাম্প্রতিক পরিবর্তনের হাওয়া বইছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে সালাহউদ্দিন ফিরবেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে। আশরাফুলকে যুক্ত করা হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের কোচিং সেটআপে।

বিসিবির নিয়োগ পাওয়া বেনকেনস্টেইন খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান প্রায় ১৬ হাজার। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের সঙ্গে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ আলাদা। পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া সফরকারী ব্যাটারদের জন্য বড় পরীক্ষা। নিজ দেশের কন্ডিশন সম্পর্কে বেনকেনস্টেইনের অভিজ্ঞতা তাই বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুতিতে বাড়তি সহায়তা দিতে পারে বলে প্রত্যাশা বিসিবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ