বাংলাদেশের সঙ্গে রয়েছে ডেল বেঙ্কেনস্টেইনের পুরনো যোগসূত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের চ্যালেঞ্জ সামলানোর জন্য কোচিং প্যানেলে স্থানীয় অভিজ্ঞ কোচ যুক্ত করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেঙ্কেনস্টেইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডারকে সামনের সফরের কোচিং স্টাফে নেওয়ার ঘোষণা দেয় বিসিবি। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে বেঙ্কেনস্টেইনের তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শুরুর আগে হুট করেই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হয় মোহাম্মদ আশরাফুলকে। অন্তর্বর্তীকালীন দায়িত্বে এই সিরিজে কাজ করেন মোহাম্মদ সালাহ উদ্দীন।
পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত সালাহ উদ্দীনকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে এর মাঝেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে জানানো হলো বেঙ্কেনস্টেইনের নাম।
১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৩টি ওয়ানডে খেলেছেন বেঙ্কেনস্টেইন। তার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে বাংলাদেশের রয়েছে পুরনো যোগসূত্র।
ঢাকায় ১৯৯৮ সালে হওয়া আইসিসি নকআউট ট্রফি দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় তার। পরে ২০০২ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেই তিনি খেলেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটি।
আন্তর্জাতিক অধ্যায় তেমন বড় না হলেও, প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ বেঙ্কেনস্টেইনের। ২০১১ সালে কাউন্টি ক্রিকেটের দল ডারহামের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। সব মিলিয়ে ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে করেন প্রায় ১৬ হাজার রান।
বর্তমানে ডারহাম কাউন্টিতেই ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন ৫২ বছর বয়সী এই কোচ। এর আগে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি।
এছাড়া হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার, গ্লস্টারশায়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন বেঙ্কেনস্টেইন। এর বাইরে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
জোহানেসবার্গে আগামী রোববার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফর। এরপর সেঞ্চুরিয়নের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৩ নভেম্বর।
পরে ইস্ট লন্ডন, গেবেখা ও কেপ টাউনে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১, ৪ ও ৭ ডিসেম্বর। সবশেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন