বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলায় ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১ অক্টোবর গোপনীয়তার সঙ্গে জামিনে কারামুক্ত হন তিনি। আরও পড়ুন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার ১৯ অক্টোবর ২০২৬ কারামুক্তির এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয় আগরওয়ালাকে। পরদিন ২০ অক্টোবর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২১ অক্টোবর গুলশান থানার অর্থ পাচারের মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হবে। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তবে আসামিপক্ষে তার জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ অক্টোবর ফের তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৭ মার্চ আব্দুল জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয় এ মামলায়।