রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে ষষ্ঠ দিনের মতো সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে অবরোধকারীরা। অবরোধের যানচলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সাজেক।
গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের এই সড়ক অবরোধ শুরু হয়।
এদিকে গতকাল সোমবার বিকেলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাজেকের আন্দোলনকারী দুই সংগঠনের মধ্যে বৈঠক হলেও দাবি-দাওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় বৈঠক অমীমাংসীতভাবে শেষ হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ছয়টা থেকে সাজেক সড়কের মাচালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট হাজাছড়া ১০ নম্বর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। অবরোধে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি আহবায়ক বাবুধন চাকমা বলেন, 'গতকাল সোমবার প্রশাসনের আলোচনায় কোন সমাধান হয়নি। আমাদের পাঁচটি দাবি মধ্যে প্রশাসন চারটি দাবি মানতে রাজি হলেও তারা একটি দাবি মানতে কিছুটা সময় চেয়েছে। আমরা তাদের পাঁচ দিনের সময় দিয়েছিলাম। কিন্তু প্রশাসন তা মানতে রাজি হয়নি বলে অমীমাংসিত আলোচনাটি শেষ হয়েছে।'
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
সোমবার বিকেলে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাজেক উজো বাজার এলাকায় প্রশাসনের সাথে আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীদের পক্ষে বৈঠক ছিলেন, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি আহবায়ক বাবুধন চাকমা, সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও ছাত্র জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা উপস্থিত ছিলেন।
বৈঠকে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন।
এসব দাবির মধ্যে চারটি দাবি প্রশাসন মেনে নিলেও ৪ নম্বর দাবি নিয়ে সমঝোতা না হওয়ায় বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়। পরে বৈঠক শেষ করে রাতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সাজেক থেকে খাগড়াছড়ি সদরে ফিরে খাগড়াছড়ি সার্কিট হাউসে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন।
ব্রিফিংয়ে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, 'সাজেকে আন্দোলনকারীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যে পাঁচটা দাবি করেছেন আমাদের কাছে তার মধ্যে চারটি দাবি আমরা মেনে নিয়েছি। বাকি আরেকটি দাবি সাজেক থেকে জেএসএস সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া নিয়ে পুনরায় কয়েকদিনের মধ্যে আবার আন্দোলনকারীদের সাথে আলোচনা হবে।'
সাজেকের স্বাভাবিক পরিস্থিতি বিষয়ে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলমান রয়েছে। যানচলাচল বন্ধ রয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.