চলতি বছরের সেপ্টেম্বরেসিলেট জেলা ও মহানগর যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মো. সম্রাট হোসেনকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ২০ সেপ্টেম্বর অনুমোদিত ওই কমিটিকে ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা। এমন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনে তিনদিনের সময় বেঁধে দিয়ে সিলেট জেলা ও মহানগরের নেতাদের কঠোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
গত শনিবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত চিঠি জেলা ও মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।ওই চিঠিতে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে আগামী তিনদিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রেজমা দিতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে কেন্দ্রের কঠোর বার্তা পাওয়ার পর জেলা ও মহানগর যুবদলের নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনে তৎপর হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে না কারণ হিসেবে তারা রাজপথে ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলায় ব্যস্ততার বিষয়টি তুলে ধরছেন।
এ প্রসঙ্গে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার জানান, তিনদিনের মধ্যে কমিটি হয়ত পূর্ণাঙ্গ করা সম্ভব হবে না। তবে কেন্দ্রের সাথে পরামর্শ করে শিগগিরই কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
জেলা যুবদলের সভাপতি মকসুদ হোসেন জানান, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা মোকাবেলায় যুবদল রাজপথে সক্রিয় ছিল। রাজপথে ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। শিগগিরই ত্যাগী, রাজপথের পরীক্ষিত ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়দের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া হবে।