1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী বিএমইউতে রেডিওলজি অটোমেশন, পূবালী ব্যাংকের বাস উপহার ঢাকা জেলা জজ আদালতে লিফট স্থাপনের উদ্বোধন বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু যাত্রীচাপ সামলাতে হিমশিম, অব্যবস্থাপনায় ধুঁকছে গুরুত্বপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন গ্রামীণ ব্যাংকের রাউজান পাহাড়তলী শাখায় পেট্রল বোমা নিক্ষেপ ব্যাংকে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, দুই ঈদে মিলবে কত দিন লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ ইসলাম সীমান্তে চক্রান্ত হচ্ছে, বিজেপি-আ. লীগ যৌথ মহড়া দিচ্ছে: নাহিদ ইসলাম

যাত্রীচাপ সামলাতে হিমশিম, অব্যবস্থাপনায় ধুঁকছে গুরুত্বপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সড়কের পূর্ব পাশে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন। পশ্চিম পাশে এর ঠিক উল্টো দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অথচ দূর থেকে দেখলে বোঝার উপায় নেই, এখানে আদৌ কোনো ট্রেন থামে কি না।

স্টেশনের সামনের চত্বর দখল করে নিয়েছেন হকাররা। তাদের ফেলে রাখা জায়গাটুকু দখলে নিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। প্রবেশপথে পৌঁছানোর আগেই যাত্রীদের হকার, তাঁদের পসরা এবং ক্রেতাদের ভিড় ঠেলে এগোতে হয়।

স্টেশনটিতে দুটি প্রবেশপথ থাকলেও খোলা থাকে মাত্র একটি। ফলে স্টেশনে প্রবেশ ও বের হওয়ার জন্য সবাইকে একই পথ ব্যবহার করতে হয়। এতে যাত্রীদের গাদাগাদি করে চলাচল করতে হয়।

স্টেশনের বাইরে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাশেদ। তিনি বলেন, 'স্টেশন থেকে বের হওয়ার সময় প্রচণ্ড ভিড় থাকে। সামনেই সিএনজিগুলো দাঁড়িয়ে থাকায় বের হতেও সমস্যা হয়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে এলাকাটি ফাঁকা রাখা উচিত।'

স্টেশনের ভেতরে প্রবেশপথের দুই পাশে টিকিট কাউন্টার। সেগুলো পেরিয়ে প্রথম প্ল্যাটফর্মে যেতেই দেখা গেল, দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। বিপরীত প্ল্যাটফর্মের চিত্র অবশ্য ভিন্ন। সেখানে এসে থামা ট্রেন থেকে নেমে যাত্রীরা দ্রুত স্টেশন ছেড়ে চলে যাচ্ছেন। ফলে ওই প্ল্যাটফর্মে তুলনামূলকভাবে ভিড় কম।

উত্তর ও উত্তর-পশ্চিমে বৃহত্তর উত্তরা, তুরাগ ও আশুলিয়া; উত্তর-পূর্বে উত্তরখান ও দক্ষিণখান; দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে কাউলা, খিলক্ষেত, কুড়িল, বসুন্ধরা, বারিধারা, গুলশান ও বনানী; আর দক্ষিণ-পশ্চিমে কুর্মিটোলা ও বৃহত্তর মিরপুর এলাকার যাত্রীরা এই স্টেশনের ওপর নির্ভরশীল। এসব এলাকার অনেক মানুষের জন্য ট্রেনযাত্রা শুরুর একমাত্র জায়গা এই স্টেশন।

প্রতিদিন ৪২টি আন্তনগর ও ১৬টি লোকাল ট্রেন এ স্টেশনে থামে। আসা-যাওয়ার ট্রেন মিলিয়ে প্রতিদিন মোট ১১৬টি ট্রেন চলাচল করে। প্রতিদিন স্টেশনের কাউন্টার থেকে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০টি আন্তঃনগর ট্রেনের টিকিট এবং প্রায় ১ হাজার ৫০০টি লোকাল ট্রেনের টিকিট বিক্রি হয়।

স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, 'অনলাইনে যারা টিকিট কেনেন, তাদের হিসাব আমাদের কাছে নেই। তাই এই স্টেশন দিয়ে মোট কতজন যাত্রী যাতায়াত করেন, তা অনুমান করা কঠিন।'

স্টেশনে বসার আসনসংখ্যা হিসাব করা তুলনামূলক সহজ। তবে সেই হিসাব খুব একটা স্বস্তিদায়ক নয়। স্তম্ভ ঘিরে তৈরি করা হয়েছে ৩৯টি কংক্রিটের বসার জায়গা। এর মধ্যে ৩৩টিতে ৯ জন করে এবং বাকি ছয়টিতে ৫ জন করে বসতে পারেন। সব মিলিয়ে এসব জায়গায় বসার ব্যবস্থা রয়েছে ৩২৭ জনের। এছাড়া ২২টি চেয়ারে বসতে পারেন আরও ৬৬ জন। প্রথম শ্রেণি ও শোভন শ্রেণির অপেক্ষাকক্ষে রয়েছে আরও ৪৭টি আসন। সব মিলিয়ে ভিআইপি অপেক্ষাকক্ষ বাদে স্টেশনটিতে অন্তত ৪৪০ জনের বসার ব্যবস্থা রয়েছে। ভিআইপি অপেক্ষাকক্ষটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়।

অথচ প্রতিদিন এই স্টেশন দিয়ে শতাধিক ট্রেন চলাচল করে। ফলে যাত্রীদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটলে যাত্রীদের ভিড় আরও বাড়ে। সেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়ান ভ্রাম্যমাণ হকার, ভিক্ষুক, চোর ও প্রতারকরা।

এক যাত্রী বলেন, 'আমি কিছুক্ষণ আগে এসেছি। তখন থেকেই দাঁড়িয়ে আছি। বসার জায়গা সত্যিই পর্যাপ্ত নয়। যেসব আসন আছে, সেগুলোতে আগেই মানুষ বসে আছেন।' তিনি আরও বলেন, 'বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে যারা ভ্রমণ করেন, তাদের জন্য বিষয়টি নিঃসন্দেহে কঠিন।'

শীতাতপনিয়ন্ত্রিত ও শোভন শ্রেণির অপেক্ষাকক্ষ দুটিও ছোট। ফলে দিনের শুরুতেই সেগুলো পূর্ণ হয়ে যায়। মেয়েকে নিয়ে খুলনাগামী যাত্রী ফারহান আহমেদের ক্ষেত্রেও অপেক্ষাকক্ষে জায়গার সংকট দেখা দেয়। দরজার এপাশ-ওপাশে বসতে ও দাঁড়াতে হয় বাবা-মেয়েকে। তিনি বলেন, 'আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর আমার মেয়ে ভেতরে বসে আছে। অপেক্ষাকক্ষে তেমন জায়গা নেই।' তার মতে, 'স্টেশনটি দিয়ে যত যাত্রী যাতায়াত করেন, সেই সংখ্যা বিবেচনায় অপেক্ষাকক্ষের জায়গা বাড়ানো প্রয়োজন।'

অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। নারীদের জন্য পানির কল চারটি, পুরুষদের জন্য ছয়টি। অজুর জন্য রয়েছে আরও দুটি কল। এছাড়া স্টেশনের মসজিদে একসঙ্গে চারজন অজু করতে পারেন। নারী ও পুরুষের জন্য আলাদা গণশৌচাগার থাকলেও সেগুলো থেকে এত তীব্র দুর্গন্ধ ছড়ায় যে ভেতরে ঢোকার আগে নাক চেপে ধরতে হয়। প্ল্যাটফর্মজুড়ে ১২ থেকে ১৩টি দোকানে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয়। তবে কিছু দোকানে পণ্যের দাম বেশি রাখা হয়।

'সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম'

প্ল্যাটফর্ম পরিবর্তন করতে যাত্রীদের একটি ফুটওভারব্রিজ পার হতে হয়। কমলাপুরগামী একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর পর সেটি থেকে নামা অধিকাংশ যাত্রী প্রধান প্রবেশপথের দিকে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন। তাদের মধ্যে ছিলেন বয়স্ক আবদুল করিম। এক হাতে রেলিং ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিলেন তিনি। মাঝপথে হাঁপিয়ে ওঠায় কিছুক্ষণ বিশ্রাম নিতে থামেন।

আবদুল করিম বলেন, 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম। তাই কিছুক্ষণ থেমে বিশ্রাম নিয়েছি।'

এমন অভিজ্ঞতা শুধু তার একার নয়। ভারী মালপত্র নিয়ে যাত্রীদের একই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। বস্তা, বড় ব্যাগ কিংবা একসঙ্গে একাধিক ব্যাগ বহনকারীদের জন্য এই পথ পাড়ি দেওয়া আরও কঠিন। সিঁড়ির কিছু অংশ নড়বড়ে মনে হয়েছে। রেলিংগুলোতেও ধরেছে মরিচা।

স্টেশনের প্রবেশপথের নিয়ন্ত্রণব্যবস্থাও বেশ ঢিলেঢালা। মসজিদের পাশের একটি জায়গা দিয়ে লোকজন স্টেশনে প্রবেশ করেন ও বের হন। ফলে টিকিট ছাড়াই যাতায়াতের সুযোগ তৈরি হচ্ছে। এতে স্টেশনের প্রবেশপথগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

'ট্রেনের সময়সূচি ঠিক থাকলে সব সমস্যাই মিটে যায়'

অপেক্ষমাণ যাত্রীদের কাছে সবচেয়ে বড় ভোগান্তির কারণ জানতে চাইলে তাদের উত্তর সচরাচর স্টেশন ভবন বা অবকাঠামোসংক্রান্ত নয়। বরং সমস্যার কেন্দ্রে রয়েছে ট্রেনের সময়সূচি। ট্রেন দেরিতে চললে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে আগে থেকেই আসন ও অপেক্ষাকক্ষের স্বল্পতা আরও প্রকট হয়ে ওঠে।

ময়মনসিংহগামী মাহমুদ হাসান ট্রেনের শিডিউল বিপর্যয় আছে কি না, তা যাচাই করতে আগেভাগেই স্টেশনে এসেছিলেন। তিনি বলেন, 'তা না হলে আমি বাসে যেতাম। ট্রেনের সময়সূচি ঠিক থাকলে এবং কোনো বিপর্যয় না ঘটলে সাধারণত খুব বেশি ভিড় হয় না। কিন্তু বাংলাদেশে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় নিয়মিত ঘটনা। এর ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।'

রাজশাহীগামী ইমরান হোসেন অবশ্য বিষয়টি কিছুটা ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন, 'কিছু সমস্যা থাকবেই।' তার মতে, অতিরিক্ত ট্রেন চালু করা কিংবা ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো হলে সময়সূচি ঠিক রাখা সম্ভব হতে পারে। তিনি বলেন, 'ট্রেন সময়মতো পৌঁছালে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।'

হারানো জিনিসের জন্য অভিযোগ জানানোর জায়গা নেই

যাত্রী ও স্টেশনকর্মীদের ভাষ্যমতে, এই স্টেশনে প্রায়ই মানিব্যাগ, মুঠোফোনসহ বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে যায়। এসব ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে অনেক সময় যাত্রীদের কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়।

অভিযোগের ধরন প্রায় একই: মানিব্যাগ হারানো, মুঠোফোন খোয়া যাওয়া কিংবা পকেট ও ব্যাগ থেকে ব্যক্তিগত জিনিসপত্র চুরি হওয়া। যাত্রী ও স্টেশনকর্মী উভয়েই বলছেন, এমন ঘটনা এখানে মাঝেমধ্যেই ঘটে; এটি বিরল কোনো ঘটনা নয়। চুরির ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে, কিন্তু এরপর ভুক্তভোগীকে দীর্ঘ ভোগান্তি পোহাতে হয়।

কোনো যাত্রী হারানো জিনিসের অভিযোগ জানাতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে গেলে অনেক সময় তাকে বলা হয়, অভিযোগটি কমলাপুর রেলস্টেশনে জানাতে হবে। অথচ কমলাপুর এই স্টেশন থেকে শহরের অন্যপ্রান্তে। ফলে বিমানবন্দর স্টেশনে চুরির শিকার হওয়া ব্যক্তিকে অভিযোগ নথিভুক্ত করার জন্য আবারও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা তখন শুধু তাকে কোথায় যেতে হবে, তা দেখিয়ে দিতে পারেন।

এ ব্যবস্থার একটি বড় নেতিবাচক দিক রয়েছে। অভিযোগ গ্রহণ না করা হলে ঘটনার কোনো নথি থাকে না। আর নথি না থাকলে এই স্টেশনে কতবার চুরির ঘটনা ঘটছে কিংবা তা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার হিসাব পাওয়াও কঠিন। যাত্রীদের প্রতিদিনের ভোগান্তির তালিকায় হকার ও ভিক্ষুকদের পাশাপাশি চোর-ছিনতাইকারীরাও রয়েছেন। অথচ তাদের কাছে সাহায্য চাইতে যাত্রীরা প্রথমে যে জায়গায় যান, সেখানে অভিযোগ নথিভুক্ত করার ব্যবস্থা নেই।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান দায়িত্ব বণ্টনের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, 'আমরা এখানে তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য আছি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ কমলাপুর স্টেশনে নথিভুক্ত করা হয়। সবকিছু তারাই দেখে।' তবে ফাঁড়িতে কী ধরনের অভিযোগ আসে কিংবা ট্রেনে হারানো জিনিসপত্রের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

রেলওয়ের কর্মকর্তারাও স্টেশনের অবকাঠামোগত সংকটের বিষয়টি স্বীকার করছেন। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, স্টেশনটি এখন ব্যবহারকারীদের তুলনায় অনেক ছোট হয়ে পড়েছে। উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকার সম্প্রসারণ এবং কালশী সড়কের মতো নতুন সংযোগ সড়ক চালু হওয়ায় মিরপুর ও আগারগাঁও থেকে এই স্টেশনে আসা যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। প্রায় ৪৭ বছর আগে নির্মিত স্টেশনটির পক্ষে এখন আর এত যাত্রীর চাপ সামলানো সম্ভব হচ্ছে না।

তিনি জানিয়েছেন, এ সমস্যা সমাধানে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ