1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

গত ৫ নভেম্বর রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগে দুই সংগঠনের মধ্যে এ চুক্তি সই হয়। যৌথভাবে সংলাপের আয়োজন করে সংগঠন দুটি।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে হালনাগাদ বাণিজ্যিক তথ্য বিনিময়, যৌথ প্রকল্প গ্রহণ, বাণিজ্য মেলা ও প্রদর্শনীর আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং বিনিয়োগবিষয়ক ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংলাপে ব্যবসায়ী নেতারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করা এবং টেকসই অর্থ পরিশোধব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে নানা কারণে দুই দেশের বাণিজ্য প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে যৌথভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।

ঢাকায় সফররত রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার বাংলাদেশ। বাংলাদেশে কৃষিপণ্য, খাদ্যসামগ্রী ও সার সরবরাহ বাড়ানোর পাশাপাশি জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ই-গভর্ন্যান্স খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী মস্কো। তবে বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের মধ্যে টেকসই অর্থ লেনদেনের অবকাঠামো গড়ে তোলা জরুরি।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নিয়ন্ত্রক প্রক্রিয়া, পণ্য পরিবহনব্যবস্থা এবং বাজারে প্রবেশের বাধাগুলো দূর করতে হবে। পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।

সংলাপে দুই দেশের সরকারি কর্মকর্তা, ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ