আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ
নগরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত প্রায় শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নিউমার্কেট থেকে জামালখান পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, সড়ক ও ফুটপাতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কোতোয়ালী থানার নিউমার্কেট, তিনপোলের মাথা, আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান ও চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।