1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দেশে এল সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে আনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মোট তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বাকি দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে।

আজ শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহেদ আহম্মদের মরদেহ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেছে।

প্রতিমন্ত্রী এ সময় শাহেদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিশেষ সহায়তা হিসেবে পরিবারটিকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা শাহেদ।

নিয়োগকর্তা প্রতিষ্ঠান সাদ আল ইসা কন্ট্রাক্টিং কোম্পানি শাহেদের বকেয়া বেতন, ভাতাদি এবং চাকরির সুবিধা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (প্রায় ৯ লাখ টাকা) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুতই ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহেদের বিএমইটি কার্ড বা বৈধ কর্মসংস্থানের নথিপত্র যাচাই সাপেক্ষে তার পরিবার অতিরিক্ত ৩ লাখ টাকা পেতে পারে। এ ছাড়া বিমার কাভারেজের ওপর ভিত্তি করে তারা ১০ লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাওয়ারও যোগ্য হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ