1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

অবশেষে ভক্তদের জন্য স্বস্তির ও আনন্দের খবর নিয়ে এলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ প্রায় নয় মাস বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াই। নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে কাজে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “আমি হয়তো না–ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন সব সময়ই চান আমি নাটকে ফিরি। তাঁরা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে তাঁরা আমার পাশে ছিলেন। তাঁরা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। তাঁদের জন্যই অভিনয়ে ফিরেছি। আবার আমি নিজেও অভিনয় খুব মিস করতাম।”

‘অংশীদার’ নাটকটির গল্প প্রসঙ্গে তিনি জানান, এটি মূলত সম্পত্তি ও ন্যায্য অধিকার আদায়ে এক নারীর অদম্য লড়াইয়ের গল্প। সমাজে কেবল কন্যা সন্তান থাকা পরিবারগুলোর সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা এবং বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদের গল্প ফুটে উঠবে এতে। নাটকে একটি সুন্দর সমাধানের বার্তাও তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন গুণী অভিনেতা-অভিনেত্রী ডলি জহুর ও ফজলুর রহমান বাবুসহ আরও আট-নয়জন শিল্পী। নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।

পরিচালক ইকসান রনি জানান, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে। এর আগে একই পরিচালকের ‘মানুষ’ নাটকে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি, যা বেশ প্রশংসিত হয়েছিল।

বর্তমানেও তানিয়া বৃষ্টি চিকিৎসকের পরামর্শে রয়েছেন। কাজের বাইরে তার বেশির ভাগ সময় কাটে তার ছয়টি পোষা বিড়ালের সঙ্গে। বাইরে কোথাও গেলেও তিনি বিড়ালগুলো সঙ্গে রাখেন এবং তাদের সঙ্গেই ভালো সময় কাটান। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি কোনো একটি টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ