দেশের বাইরের একটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাস করেছে। কেউই উত্তীর্ণ হয়নি-এমন কোনো প্রতিষ্ঠান বিদেশে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলে এবার ধস নামলেও দেশের বাইরের আট কেন্দ্রের প্রায় ৯১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তবে গতবারের তুলনায় কমেছে উত্তীর্ণের হার।
শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম।
দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।
পশ্চিম এশিয়ার ছয় দেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৩০ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন।
সেই হিসাবে প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।
দেশের বাইরের এক প্রতিষ্ঠানের শতভাগ উত্তীর্ণ হয়েছে। কেউই উত্তীর্ণ হয়নি-এমন কোনো প্রতিষ্ঠান বিদেশে নেই।
এর আগে ২০২৫ সালে ওই আট কেন্দ্রে অংশ নিয়েছিলেন ২৯১ জন, আর উত্তীর্ণ হন ২৭৯ জন। অর্থাৎ ৯৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। সেই হিসাবে চলতি বছরে উত্তীর্ণের হার কমেছে ৫ দশমিক ০১ শতাংশ।
ওই বছর এ পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ; তাদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পেয়েছিল।
প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমিরাতের দুবাইতে দুটি এবং কাতারের দোহা, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, বাহরাইনের মানামা, লিবিয়ার ত্রিপোলি এবং ওমানের সাহামে একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?
ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?
মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ
উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা