1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

চলতি হিসাবের ঘাটতি বেড়েছে ৬২ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ক্রমেই বাড়ছে আমদানি ব্যয়। সে তুলনায় বাড়ছে না রপ্তানি আয়। এতে বাড়ছে বৈদেশিক লেনদেনের চাপ। রেমিট্যান্সের প্রবৃদ্ধিও তা সামাল দিতে পারছে না। ফলে দেশের চলতি হিসাব (কারেন্ট অ্যাকাউন্ট) ঋণাত্মক হয়ে পড়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২০ লাখ ডলারে। এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ৬২ শতাংশের বেশি।

চলতি হিসাব মূলত চারটি খাতের আয় ও ব্যয়ের ওপর নির্ভর করে। এগুলো হলো পণ্য বাণিজ্য, সেবা বাণিজ্য, প্রাথমিক আয় ও দ্বিতীয় পর্যায়ের আয়। পণ্য রপ্তানি, সেবা খাতের আয়, বিদেশ থেকে পাওয়া সুদ এবং রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার আয় হিসেবে যুক্ত হয়। অন্যদিকে পণ্য আমদানি, বিদেশ থেকে সেবা গ্রহণ, বিদেশি ঋণ ও বিনিয়োগের সুদ পরিশোধ ব্যয় হিসেবে গণ্য হয়। চারটি খাতের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে চলতি হিসাবের স্থিতি পাওয়া যায়। আয় বেশি হলে উদ্বৃত্ত এবং ব্যয় বেশি হলে ঘাটতি তৈরি হয়।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ডলার আসার তুলনায় বিদেশে যাওয়ার পরিমাণ বেশি হওয়ায় চলতি হিসাবের ঘাটতি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় পণ্য রপ্তানি, সেবা খাতের আয়, প্রাথমিক আয় এবং রেমিট্যান্সসহ দ্বিতীয় পর্যায়ের আয় মিলিয়ে দেশে এসেছে ২,৩২২ কোটি ১০ লাখ ডলার। বিপরীতে পণ্য আমদানি, সেবা গ্রহণ এবং প্রাথমিক আয় বাবদ বিদেশে পরিশোধ করতে হয়েছে ২,৪৫৫ কোটি ৩০ লাখ ডলার। এতে আয়-ব্যয়ের ব্যবধান দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৮২ কোটি ১০ লাখ ডলার। অথচ এক মাস আগেও চলতি হিসাবে ৫৯ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল।

গত ২০২৫-২৬ অর্থবছরে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ সূচকে ১৫৯ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি ছিল। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার।

জানা গেছে, আমদানি ব্যয় অতিরিক্ত বেড়ে যাওয়াই চলতি হিসাব ঘাটতিতে পড়ার অন্যতম কারণ। এমনিতেই বাংলাদেশের রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি। এর মধ্যে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে আমদানি ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আগের তুলনায় আমদানি অনেক বেড়েছে। এর প্রভাবে চলতি হিসাবে ঘাটতি তৈরি হয়েছে। আগামীতে আমদানি ব্যয় এবং রপ্তানি ও রেমিট্যান্স থেকে আসা আয়ের মধ্যে ব্যবধান আরো বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হবে। বিশেষ করে চাহিদা অনুযায়ী বিদেশি ঋণ ও অর্থায়ন না পাওয়া গেলে এ চাপ আরো বাড়তে পারে।

বৈদেশিক বাণিজ্যের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. ফাহমিদা খাতুন আমার দেশকে বলেন, রেমিট্যান্সে প্রবৃদ্ধি স্বস্তিদায়ক। তবে তা আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক পরিশোধের চাপ পুরোপুরি সামাল দিতে পারছে না। চলতি হিসাবের ঘাটতির অর্থ হলো, পণ্য আমদানির তুলনায় রপ্তানি ও অন্যান্য বৈদেশিক আয় যথেষ্ট বাড়েনি। জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের আমদানি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়বে। তবে রিজার্ভের ওপর চাপ কতটা তৈরি হবে, তা নির্ভর করবে রপ্তানি আয়, রেমিট্যান্স, বৈদেশিক ঋণ ও বিনিয়োগের প্রবাহ এবং বাংলাদেশ ব্যাংকের বাজারে হস্তক্ষেপের ওপর।

চলতি হিসাবের ঘাটতি দীর্ঘায়িত হলে তা সামাল দিতে বৈদেশিক অর্থায়নের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে রিজার্ভের ওপরও চাপ তৈরি হতে পারে। আন্তর্জাতিক লেনদেনে ঘাটতি অব্যাহত থাকলে রিজার্ভ বাড়ানো কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে ডলারের বিনিময় হার বাড়ার চাপ তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর শেষে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে (বিপিএম৬) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৯.৯৮ বিলিয়ন ডলার।

ঘাটতি দীর্ঘায়িত হলে ডলারের বিনিময় হার বাড়ার চাপ তৈরি হতে পারে বলে জানান ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজারে ডলারের ঘাটতি হলে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বাড়তে পারে। বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখলে আনুষ্ঠানিক ও খোলাবাজারের মধ্যে ব্যবধান বাড়ার ঝুঁকি থাকে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির তুলনায় আমদানিতে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি হয়েছে। প্রথম তিন মাসে আমদানিতে ব্যয় হয়েছে ১,৯৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৫.১০ শতাংশ বেশি। এ সময় রপ্তানি আয় হয়েছে ১,১৮৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে এটি সাত শতাংশ। ফলে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলার।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, চলতি হিসাবের ঘাটতি তৈরির মূল কারণ হলো আয়ের তুলনায় ব্যয় বেশি হারে বেড়ে যাওয়া। যে পরিমাণ ডলার দেশে আসছে, তার চেয়ে বেশি ডলার বিদেশে চলে যাচ্ছে। ফলে আয়-ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলারের নিচে থাকলেও তা প্রত্যাশা অনুযায়ী কমেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির অনিশ্চয়তার কারণে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি প্রবাসী আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে আগামীতে চলতি হিসাবের ওপর আরো চাপ তৈরির ঝুঁকি রয়েছে।

জাহিদ হোসেন বলেন, এ পরিস্থিতিতে আমদানি নিয়ন্ত্রণে ২০২২ সালের মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। বিশেষ করে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) মাধ্যমে ডলারের বিনিময় হার বেঁধে দেওয়ার মতো উদ্যোগ বাজারে আরো অসংগতি তৈরি করতে পারে। বরং নমনীয় বিনিময় হার বজায় রাখতে হবে। ডলারের দাম সম্প্রতি ১২৫ টাকায় উঠেছে। এ অবস্থায় রিজার্ভ থেকে ডলার বিক্রি করে কৃত্রিমভাবে বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা না করে বাজারভিত্তিক নীতি অব্যাহত রাখা উচিত। এতে আন্তর্জাতিক বাজারের ধাক্কা সামাল দেওয়া সহজ হবে।

বাণিজ্য ঘাটতি বাড়লেও এতদিন দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্টস) বড় ধরনের সংকট তৈরি হয়নি। তবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই বিদেশি অর্থায়ন কমে যাওয়ায় সামগ্রিক লেনদেনে ৬৯ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি তৈরি হয়। সেপ্টেম্বর শেষে তা বেড়ে ১১৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি থাকলেও তা এ ঘাটতি পূরণ করতে পারেনি। এতে দেশের বৈদেশিক খাতের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে ৩৫ কোটি ৩০ লাখ ডলারের নিট এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) পেয়েছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে এ বিনিয়োগের পরিমাণ ছিল ৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট এফডিআই কমেছে ৩.২৯ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে মোট ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের নিট এফডিআই এসেছিল দেশে, যা তার আগের অর্থবছরের তুলনায় ১৫ শতাংশ কম।

মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ অর্ধেকে নেমেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ৫৪ কোটি ২০ লাখ ডলারের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ (এমএলটি ঋণ) পেয়েছে বাংলাদেশ। এ অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক। গত অর্থবছরের এই তিন মাসে ১০৪ কোটি ২০ লাখ ডলারের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ পেয়েছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ