বল টেম্পারিং কেলেঙ্কারির পুরনো ঘটনা নতুন করে সামনে আনার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলর।
২০২৭ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ছবি: অস্ট্রেলিয়া মেন’স ক্রিকেট টিম ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আট বছর আগে কেপ টাউন টেস্টের সেই আলোচিত-সমালোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির ঘটনা পুনরায় সামনে আসায় খুবই হতাশ মার্ক টেইলর। বিষয়টি নিয়ে উসমান খাওয়াজার বিস্ফোরক মন্তব্যের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ঘটনা প্যাট কামিন্সের দলকে অস্থিতিশীল করে তুলতে পারে।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে সেই বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল, এমনকি ওই সিরিজের আগের টেস্টেও বলে সিরিষ কাগজ ব্যবহার করেছিল তারা; ‘সব্র’ নামের আত্মজীবনীতে এই দাবিগুলো তুলে ধরেছেন খাওয়াজা। বইটি বাজারে আসবে আগামী মঙ্গলবার।
বিষয়টি ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। খাওয়াজার দাবি উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লিমান। অন্যদিকে, ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর খবর, সেই কেলেঙ্কারির পর খেলোয়াড়দের নিয়ে পর্যালোচনা কমিটির নেতৃত্ব দেওয়া পিটার কলিন্স নাকি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ঘটনাটির তদন্ত পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।
‘ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস’-এ আলাপে টেইলর বললেন, পুরনো ঘটনা আবার এভাবে সামনে আনাটা তাকে হতাশ করেছে।
“ঘটনাটি আট বছর আগের। গত আট বছর ধরে এই শো-সহ আরও অনেক অনুষ্ঠানেই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছি এবং উত্তর দিয়েছি। আপনি আশা করেন, বিষয়টি হয়তো হারিয়ে যাবে, কিন্তু মানুষ দেখছে, বিশেষ করে গণমাধ্যম-তারা এই ঘটনাটিকে নিয়ে খুব তৎপর; বলা যায়, সত্য উন্মোচিত না হওয়া পর্যন্ত তারা বিষয়টি ছেড়ে দেবে না।”
তবে আদৌ কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন টেইলর। বরং তার আশঙ্কা, এটি বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনোযোগ নষ্ট করার কারণ হয়ে দাঁড়াতে পারে।
“আমি হতাশ যে, আমাদের বারবার একই প্রশ্ন করতে হবে; গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমের আগে প্যাট কামিন্স এবং তার দলের জন্য এটি দুঃস্বপ্নের হতে চলেছে।
“জানি না এখান থেকে পরিস্থিতি কোন দিকে গড়াবে। বই বিক্রি বা গণমাধ্যমের জন্য এটি দারুণ বিষয় হতে পারে, কিন্তু ক্রিকেট খেলার জন্য খুবই হতাশাজনক।”
পরে ‘টুডে শো’-তে টেইলর বলেন, তখন ঠিক কী ঘটেছিল, তা হয়তো কখনোই উন্মোচিত হবে না।
“‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির সময় দুই আম্পায়ার বলটি পরীক্ষা করেছিলেন, কিন্তু বলটি বদলাননি; তারা বলেছিলেন, এখানে অস্বাভাবিক কিছু নেই। আমার মনে হয়, আমরা আবারও একই বৃত্তে ঘুরপাক খেতে থাকব। কিন্তু শেষ পর্যন্ত কখনোই নিশ্চিত হওয়া যাবে না যে ঠিক কী ঘটেছিল, এবং কী, কখন, কোথায়- এসব উত্তর কে জানত।”
“এ কারণেই আমি হতাশ। কারণ, এই ঘটনাটি এখন আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের ওপর ছায়া ফেলবে। প্যাট (কামিন্স) এবং বোলারদের জন্য বিষয়টি খুব কঠিন হতে যাচ্ছে, কারণ তাদের আবারও নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে-যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা গত আট বছর ধরে চলে আসছে।”
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?