সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এদিন ঘরের মাঠে অনেকগুলো সুযোগ মিস করলেও ইব্রাহিমের গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে সাফে শুভসূচনা হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা নিয়েই বিরতিতে যেতে হয়েছে টমাস ডুলির শিষ্যদের। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো একটি আক্রমণ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রস বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই বিপদমুক্ত করেন ভুটানের ডিফেন্ডাররা।
ফিরতি বলে জামাল ভূঁইয়ার জোরালো শটও আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে। ১৮তম মিনিটে আবারও সুযোগ তৈরি হয় বাংলাদেশের। রাকিবের ক্রস থেকে হেড নিয়েছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। সাত মিনিট পর আরও একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। প্রায় ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বাংলাদেশের এই ফুটবলার।
৩৯তম মিনিটেও গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। সামনে শুধু ভুটানের গোলরক্ষক থাকলেও কোনাকুনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। ফলে আবারও হতাশ হতে হয় বাংলাদেশের সমর্থকদের। পরের মিনিটেই প্রথমবার বাংলাদেশের গোলমুখে শট নেয় ভুটান। তবে সহজেই বল ধরে ফেলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
বিরতির আগে ৪৪তম মিনিটে আরও একটি সুযোগ পায় বাংলাদেশ। জামালের ফ্রি কিক থেকে হেডে বল বাড়িয়েছিলেন শমিত সোম। কিন্তু গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউই বলের নাগাল পাননি। ফলে প্রথমার্ধের শেষ মুহূর্তেও গোলের অপেক্ষা শেষ হয়নি স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে বদলি ফুটবলার হিসেবে নামেন ইব্রাহিম। চার মিনিটের মধ্যে বাংলাদেশকে লিড এনে দেন এই ফরোয়ার্ড। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে দুই দফা হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। গ্যালারিতে সবাই উল্লাসে মেতে উঠে।
এরপর গোল শোধ করতে সফরকারীরা মরিয়া হয়ে উঠলেও চাপ সামলে পাল্টা আক্রমণ করেছে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।