উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ নামকরণ ও আইসিইউ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। যতই কথা বলুন দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানে সহায়ক সরকারের কোন বিধান নেই।
বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি নির্বাচনে না আসেন তাহলে আগামীতে বাটি চালান দিয়েও বিএনপির অস্তিত্ব খুজে পাওয়া যাবে না। নির্বাচনের মাঠে নামুন, রেফারী নির্বাচন কমিশন যে কোন মূল্যে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন। জনগণ যার পক্ষে রায় দেবেন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ এম ইকবালুর রহিম, বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন, হাসপাতালের পরিচালক ডাঃ সারওয়ার জাহান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।
গত ২৮ মার্চ সরকার এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ এম আব্দুর রহিমের নামে ঘোষনা করেছে।
বিএনপির দাবী নাকচ করে মোহাম্মদ নাসিম বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় মেনে নিয়েছে। জনগনের রায় মেনে নেয়ার অভিপ্রায় আওয়ামী লীগের আছে। কেউ আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে জঙ্গী দমনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রত্যেক পরিবারের সন্তানদের প্রতি অভিভাবকদের দৃষ্টি রাখার আহ্বান জানান।