গত পাঁচ দশকে দেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটলেও সে অনুপাতে শিক্ষার গুণগত মানের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, উচ্চশিক্ষার সম্প্রসারিত সুযোগকে মানসম্মত শিক্ষায় রূপান্তর করতে সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শুধু নীতি প্রণয়নই যথেষ্ট নয়; প্রণীত নীতির বাস্তবায়ন ও কার্যকর পরিবীক্ষণ নিশ্চিত করতে হবে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। এতে কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জেসমিন পারভীন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ আরও বলেন, সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারের আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অর্পিত দায়িত্ব সম্পন্ন করে প্রত্যাশিত ফল অর্জন করা। তিনি কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সরকার ও ইউজিসি বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, শিক্ষাক্রমে ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত করা এবং শিল্প ও বাণিজ্যপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি দপ্তরগুলোর কর্মসম্পাদনের মান, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৫-২৬ অর্থবছরে ৫৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি চালু করে। তিন বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সাতটি গুচ্ছে কর্মসম্পাদন মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।