নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে বিকল্প উৎস বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর ফলে চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন খাদ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, দুই দেশের প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য আমদানি-রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল ও খেজুরের মতো কৃষিপণ্যও এ সমঝোতার আওতায় থাকবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সার ও কৃষি উপকরণ কেনাবেচার সুযোগ রাখা হয়েছে।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে কোনো পক্ষ চুক্তি থেকে সরে আসতে চাইলে কূটনৈতিক চ্যানেলে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিতে হবে।
নিত্যপণ্যের আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও দামের ওঠানামার মধ্যে এ সমঝোতাকে আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে কোন পণ্য কত পরিমাণে এবং কী দামে কেনাবেচা হবে, তা দুই দেশের পারস্পরিক চাহিদা ও সম্মতির ভিত্তিতে নির্ধারিত হবে।