1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

তারল্য স্বস্তিতে বেসিক ব্যাংক সংকট খেলাপি ঋণ ও মূলধনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

তারল্য পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও মূলধন সংকট, বিপুল খেলাপি ঋণ ও দুর্বল আর্থিক ভিত্তিতে ধুঁকছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ব্যাংকটির ঋণমান ও আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে মূলধন পুনর্গঠন, খেলাপি ঋণ আদায় এবং লাভজনক বিনিয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে সরকারের পক্ষ থেকে তিন বছর মেয়াদি একটি বাস্তবসম্মত পুনর্গঠন পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সংকট উত্তোরণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এক সভায় বেসিক ব্যাংকের জন্য এসব কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে তথ্য অনুযায়ী, বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকটির লিকুইডিটি কভারেজ রেশিও (এলসিআর) ৩৬৩ দশমিক ৩৫ শতাংশ হলেও লিভারেজ রেশিও ঋণাত্মক ১৬ দশমিক ৫১ শতাংশ। অর্থাৎ তারল্যের পর্যাপ্ততা থাকলেও ব্যাংকটির মূলধন কাঠামোতে গুরুতর দুর্বলতা রয়েছে। এ অবস্থায় শুধু তারল্যের স্বস্তিকে আর্থিক সক্ষমতার লক্ষণ হিসেবে বিবেচনা না করে মূলধন পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

খেলাপি ঋণ আদায়ে পরিচালনা পর্ষদের বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ

বেসিক ব্যাংকের আর্থিক পরিস্থিতি উন্নয়নে খেলাপি ঋণ আদায়কে পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে নেওয়ার সুপারিশ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য সময়সীমা নির্ধারণ করে একটি আদায় কৌশল প্রণয়ন, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবলোপন করা ঋণ পুনরুদ্ধার এবং আইনি দাবি আদায়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

ব্যাংকটির প্রতিটি শাখাকে ঋণ আদায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেওয়া হয়েছে। শাখাভিত্তিক মাসিক আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রকৃত নগদ আদায়ের হিসাব নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু ঋণ পুনঃতফসিল বা হিসাবের সমন্বয়ের মাধ্যমে আদায়ের অগ্রগতি দেখানোর পরিবর্তে বাস্তবে অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে।

সভায় উপস্থাপিত তথ্যে বেসিক ব্যাংকের তহবিল সংগ্রহের ব্যয় ৯ দশমিক ১৪ শতাংশ এবং স্বল্প ব্যয়ের আমানতের অনুপাত মাত্র ২২ দশমিক ৩৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে উচ্চ সুদের আমানতের ওপর নির্ভরতা কমিয়ে চলতি ও সঞ্চয়ী হিসাব (সিএএসএ) থেকে আমানত সংগ্রহ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যাংকটির অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিআর) ৭২ দশমিক ১৫ শতাংশ। এ অবস্থায় বিদ্যমান তারল্যকে মানসম্মত ও আয়বর্ধক সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ঋণ বিতরণ বাড়ানোর ক্ষেত্রে ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই, ঋণের মান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কোনো আপস না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ করে ক্ষুদ্র, কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষি এবং উৎপাদনশীল খাতে মানসম্মত ঋণ বিতরণের মাধ্যমে টেকসই মুনাফা অর্জনের সুপারিশ করা হয়েছে।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় শৃঙ্খলা

বেসিক ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাতেও জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপস্থাপিত তথ্যে ব্যাংকটির নিট উন্মুক্ত বৈদেশিক মুদ্রা অবস্থান (নেট ওপেন পজিশন—এনওপি) ৩৩ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সীমা ৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রপ্তানি বিল আদায় জোরদারের কথা বলা হয়েছে।

তিন বছরের পুনর্গঠন পরিকল্পনার সুপারিশ

বেসিক ব্যাংককে ঘুরে দাঁড় করাতে পরিচালনা পর্ষদের অনুমোদনে তিন বছর মেয়াদি একটি বিশ্বাসযোগ্য পুনর্গঠন পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ পরিকল্পনায় পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব এবং প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর সুপারিশ করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নে খেলাপি ঋণ আদায়, মূলধনের উন্নতি, মুনাফা, তহবিল সংগ্রহের ব্যয় এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

শাখাগুলোর বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে প্রতিটি শাখার জন্য পৃথক মাসিক মূল্যায়ন ব্যবস্থাও চালুর সুপারিশ করা হয়েছে। এতে নিট সুদ আয়, নগদ ঋণ আদায়, স্বল্প ব্যয়ের আমানত সংগ্রহ, মানসম্মত ঋণ বিতরণ, পরিচালন ব্যয় ও নিয়মনীতি পরিপালনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে পরিচালনা পর্ষদের উদ্দেশে বলা হয়েছে, তারল্য ব্যাংককে সাময়িক স্বস্তি দিতে পারে; কিন্তু মূলধন পুনরুদ্ধার, খেলাপি ঋণ আদায় এবং লাভজনক ব্যাংকিং কার্যক্রমই বেসিক ব্যাংকের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। অন্যদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রতিটি শাখায় ঋণ আদায় বাড়ানো, কম ব্যয়ের আমানত সংগ্রহ, উন্নত ঋণ ব্যবস্থাপনা এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিতে বলা হয়েছে।

বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী আমার দেশকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার যথাযথভাবে পরিপালন করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণ অবলোপনের (রাইট-অফ) কার্যক্রমও পরিচালিত হচ্ছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুসরণ করেই ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে ৯টি স্কিমে ঋণ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শাখাগুলোকে ঋণের প্রস্তাবনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজে মনিটরিং করছেন। পরিচালনা পর্ষদও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করছে। কোনো কাজই অযথা ঝুলিয়ে রাখা হচ্ছে না।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা আমার দেশকে বলেন, ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি বা সম্পদের গুণগত মান উন্নত হলে আয় বাড়বে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে খেলাপি ঋণ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরিচালনা পর্ষদ সচেষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ