দীর্ঘদিন ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক ও পরিবারের পক্ষ থেকে সংস্কৃতিকর্মী এরশাদুল হক মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই তিনি মারা যান।
পরিচালক হিসেবে মাতিয়া বানু শুকুর কাজের বড় একটি অংশজুড়ে উঠে এসেছে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, পারস্পরিক সম্পর্ক এবং সমাজবাস্তবতার নানা চিত্র।
তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। এছাড়া ‘টু-লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ও তার পরিচিত কাজের তালিকায় রয়েছে। নির্মাণশৈলীর স্বাতন্ত্র্য এবং গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নাট্যাঙ্গনে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন তিনি।