1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

দীর্ঘ পাঁচ মাসের চোটের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা। তবে মাঠে ফেরার আগেই নতুন ধাক্কা খেলেন এই ডানহাতি পেসার। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

গত জুন থেকে সাইড স্ট্রেইন ও হিপ জয়েন্টের ব্যথায় মাঠের বাইরে রয়েছেন নাহিদ। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে পুরোদমে বোলিংও শুরু করেছিলেন তিনি। এমনকি মেডিকেল বিভাগ থেকে বোলিংয়ের অনুমতিও পেয়েছিলেন। তবে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও জায়গা হয়নি তার।

পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলাকালে নাহিদকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে। সে অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট বোলিং লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি তিনি। পরে ডেঙ্গু পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। বিসিবির মেডিকেল বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আপাতত এক থেকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাহিদকে। এ সময় বোলিং অনুশীলন বন্ধ থাকায় তার পুনর্বাসন প্রক্রিয়াও পিছিয়ে যাচ্ছে। ফলে ডেঙ্গু থেকে সেরে ওঠার পাশাপাশি আগের চোট কাটিয়ে পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগতে পারে এই পেসারের।

এদিকে, জাতীয় দলের আরেক পেসার হাসান মাহমুদও চোটের কারণে দীর্ঘ বিরতিতে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। পরে দেশে ফিরে আসেন এই পেসার।

বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, কনুইয়ের চোটের পাশাপাশি টানা ম্যাচ খেলার ধকল ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনায় হাসানকে অন্তত এক থেকে দেড় মাস বিশ্রামে থাকতে হবে। তবে পরিস্থিতি অনুযায়ী এই বিরতির সময় আরও বাড়তে পারে।

দুই পেসারের চোট ও অসুস্থতায় কিছুটা দুশ্চিন্তা থাকলেও বাংলাদেশের সামনে আপাতত বড় কোনো আন্তর্জাতিক সূচি নেই। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে গুরুত্বপূর্ণ কোনো সিরিজ না থাকায় সুস্থ হয়ে ফেরার জন্য পর্যাপ্ত সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। জানুয়ারিতে ভারতের সফর না হওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত। ওই সময়ের জন্য এখনো বিকল্প কোনো সিরিজ খুঁজে পায়নি বিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ