বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ছুটির দিনে ঢাকা আজ বায়ুদূষণের তালিকায় রয়েছে ৫ নম্বরে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৮৯ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর শীর্ষে থাকা কাবুলের দূষণ স্কোর ২৯৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর।
বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঘুরেফিরে যে তিনটির নাম সবার আগে আসে তা হলো ঢাকা, দিল্লি আর লাহোর। দূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে।
পরিবেশবাদীরা বারবার সতর্ক করলেও এ থেকে রক্ষা পাওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেই। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি।