'বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে'—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে পার্শ্ববর্তী মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে বোরহান মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিরোধ, বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে মব সৃষ্টি, চাঁদাবাজি ও জিম্মি করার একাধিক অভিযোগে আলোচনায় ছিলেন তিনি। এর মধ্যেই চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো।
বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বোরহান বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা একটি চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তার এক বছরের কারাদণ্ড হয়েছিল।
বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন তিনি। সেখানে লেখেন, 'বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।' পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন বোরহান। এ সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও নানা মন্তব্য করেন তিনি।
বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাকে 'মবকারী' আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।
এদিকে বোরহান মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তার অভিযোগ, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়।
পুলিশের সহায়তায় তিনি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন সঞ্জয়।
এ ছাড়া সম্প্রতি কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেন সঞ্জয় সাহা। পাশাপাশি কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও রয়েছে বোরহানের বিরুদ্ধে।
সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা। তবে এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বোরহান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মধুখালী থানা-পুলিশের সহায়তায় উপজেলার সদর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আজই তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.