নির্বাচনের এক বছর না পেরোতেই দেশে নানা ধরনের অস্থিরতা। কেন এমন হলো? এ প্রশ্নে নাগরিক বাতাস ভারী হয়ে উঠেছে। হয়তো এ প্রশ্নের কোনো চটজলদি উত্তর নেই। কিন্তু কিছু উত্তর ও সমাধান তো খুঁজে পেতেও হবে।
বাংলাদেশের সমাজে মৌলিক কিছু সমস্যা আছে। কিছু অর্থনৈতিক, কিছু আইনগত, কিছু প্রশাসনিক, কিছু রাজনৈতিক। এসব সমস্যার সামান্যও সমাধান না করে শুধু একটি নির্বাচন হলেই শান্তি আসবে—এমন ভাবা আহাম্মকি। অতীতের অভিজ্ঞতা থেকেও আমরা শিখিনি। বুদ্ধিমানেরা ভুল থেকে শেখেন, আহাম্মকেরা একই ভুল বারবার করেন। আমরা সেই ভুলই করে যাচ্ছি।
নির্বাচন কীভাবে হলো, সেদিকেও ফিরে তাকানো দরকার। শুধু আওয়ামী লীগ নয়, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ অনেকগুলো দল নির্বাচনের বাইরে ছিল। জাতীয় পার্টিও ঠিকভাবে নির্বাচন করতে পারেনি। এসব দলের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের দায়িত্ব জনগণের হাতে দেওয়া দরকার ছিল।
আইন দিয়ে রাজনৈতিক বিষয়ের ফয়সালা করা যায় না। বাংলাদেশে জামায়াত, ভারতে আরএসএস কিংবা ইউরোপে নাৎসিদের এভাবে রাজনীতি থেকে দূরে রাখা যায়নি। আমাদের দিক থেকেও এটি ছিল ভুল চেষ্টা।
তার মানে এই নয় যে, সাধারণ জনগণ বলতে যাদের আমরা বুঝি, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে উতলা হয়ে উঠেছে। কিন্তু এ ধরনের দলগুলো একেকটি ট্রাইবাল গোত্রের মতো। এখন দেশে যদি তথাকথিত শান্তিও বজায় রাখতে হয়, তাহলে এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের একটি চলনসই বোঝাপড়া দরকার। এটাই ন্যূনতম শর্ত।
বর্তমান সংকটকে তাই এক ধরনের গোত্রীয় সহিংসতা বলা যায়। এতে গোত্রের বাইরের মানুষের ইতিবাচক কোনো স্বার্থ নেই। তবে বর্তমান অশান্তির কারণ গোত্রদ্বন্দ্বের চেয়েও গভীর।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও এ সমাজে সহিংসতা কমবে না। কারণ, বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে কুলীনেরা সম্পদ সংগ্রহের যন্ত্র হিসেবে এমনভাবে ব্যবহার করছেন, যা কাঠামোগতভাবেই সহিংস।
আরও সহজ করে বললে, এখানকার ৫ শতাংশ মানুষ বাকি ৯৫ শতাংশের সঙ্গে নীরবে প্রতিদিন সহিংস আচরণ করছে। এই সহিংসতা অর্থনৈতিক ও মানসিক, দুই দিক থেকেই ঘটছে।
এ নিয়ে বহু উদাহরণ দেওয়া যায়। যেমন, এ দেশের খাদ্যনিরাপত্তার অন্যতম বড় উপাদান ধান-চাল। এর উৎপাদন করেন কৃষকেরা। তাদের সঙ্গে কথা বলে দেখুন, কৃষি উপকরণ কেনার সময় তারা ঠকেন। আবার ফসল বিক্রির সময়ও ন্যায্য দাম পান না। দুই বাজারেই তারা অসহায়। কিন্তু প্রতিবছর ধানের সংগ্রহমূল্য ঠিক করেন কারা? ঢাকার কিছু নীতিনির্ধারক। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা যে ঠকছেন, তা কি প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পেটানোর চেয়ে কম কিছু?
আরও দেখুন, শহরগুলোতে লাখ লাখ গৃহকর্মী কাজ করেন। তারা শ্রম বিক্রি করেন। কিন্তু শ্রম আইনের কোনো সুরক্ষা কি তাদের জন্য আছে? নেই।
মনে করুন, আপনি একজন ভালো গৃহকর্তা। কিন্তু আপনার গৃহকর্মীকে ন্যূনতম কত মজুরি দেবেন, সেটাও জানেন না। কারণ, রাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আইন নেই। গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরিও নির্ধারণ করা হয়নি।
এ দেশে খেটে খাওয়া মানুষের বড় অংশকে সবাই বলে ‘অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক’। এ কথার মানে কী? এর অর্থ হলো, তারা রাষ্ট্র নামের প্রতিষ্ঠানের পুরোপুরি অন্তর্ভুক্ত নন।
আমরা একাত্তরে রাষ্ট্র গঠন করেছি, অথচ এভাবে কোটি কোটি মানুষকে ‘অপ্রাতিষ্ঠানিক’ করে রেখেছি। তারপরও চাইছি, দেশে শান্তি ও স্বস্তি থাকুক। এটা একধরনের দ্বিচারিতা।
একটি রাষ্ট্রে কত রকমের নাগরিক থাকবে? সবার কাছ থেকেই ভ্যাট নিচ্ছেন, কিন্তু কাউকে বলছেন পূর্ণ নাগরিক, কাউকে রাখছেন আংশিক নাগরিক হিসেবে!
আমাদের রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতেই ভুল রয়ে গেল। এমনকি ২০২৪ সালের পরও সেই ভুলগুলো সংশোধন করলাম না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা বাজেট প্রক্রিয়ার ওপর জনগণের কর্তৃত্ব নেই। রাষ্ট্রের নানা কর্মকাণ্ডে জনগণকে দর্শকের বেশি কিছু মনে করা হয় না। তাদের শুধু পাঁচ বছর পর এক দিনের জন্য খেলতে ডাকা হয়।
নির্বাচন শেষে ভ্যাট ও করের টাকা কোথায়, কোন খাতে অগ্রাধিকার দিয়ে খরচ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগও জনগণের নেই। আমরা যখন ডজন ডজন বোয়িং ও যুদ্ধবিমান কিনছি, তখন হামের টিকা না পেয়ে মাসের পর মাস ধরে শত শত শিশু মারা যাচ্ছে। নেতারা যদি মানুষকে জিজ্ঞাসা করতেন, টাকাটা কোথায় বিনিয়োগ করব—হাসপাতালে, নাকি সাবমেরিন কেনায়? তাহলে কী উত্তর পাওয়া যেত?
এটা সত্য যে, বর্তমানে রাষ্ট্রের যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলো নির্বাচিত ব্যক্তিরাই নিচ্ছেন। কিন্তু আমাদের নির্বাচনপ্রক্রিয়াও ত্রুটিপূর্ণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি এ প্রক্রিয়ায় যথাযথভাবে অংশ নিতে পারছে?
জাতীয় সংসদে প্রধান দলগুলো কাদের মনোনয়ন দেবে, তা ঠিক করেন ট্রাইবাল নেতারাই। পুরো বিষয়টিই ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়। অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীর মানুষ হয়তো স্থানীয় সরকারের নিচের দিকে নির্বাচনে অংশ নিতে পারতেন।
কিন্তু খেয়াল করুন, স্থানীয় সরকারকে ক্ষমতাই দেওয়া হয় না, এখনো হচ্ছে না। সুদূর চিলমারির কোনো গ্রামে একটি সাঁকো নির্মাণের বিষয়টিও জাতীয় সংসদের কোনো একজন সদস্যের এখতিয়ারের বিষয় করে রাখা হয়েছে।
নির্বাচনের ধরনটাও দেখুন। একজন প্রার্থীর বিরুদ্ধে ৬০ শতাংশ ভোট পড়লেও তিনি নির্বাচিত হয়ে যেতে পারেন। নির্বাচনব্যবস্থাটাই এমন। তার মানে, কোনো বিজয়ী প্রার্থী তার এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব নাও করতে পারেন। ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ কার্যত অপ্রতিনিধিত্বশীলই থেকে যাচ্ছেন।
এ ধরনের নির্বাচনী ব্যবস্থা যে সমাজে শান্তি আনতে পারবে না, তার অনেক কারণ আছে। দেশের অধিকাংশ মানুষ দরিদ্র, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত। অথচ সংসদ সদস্যদের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই কোটিপতি।
শিল্পাঞ্চলে দিনের পর দিন যে বিক্ষোভ হচ্ছে, তার অর্থনৈতিক কারণের পাশাপাশি কাঠামোগত কারণটিও বুঝতে হবে। শ্রমিকদের পেশাগত স্বার্থের পক্ষে কথা বলার মতো মানুষ সেখানে নেই।
আবার এ কথাও সত্য, নির্বাচনে ওই শ্রমিকদের একাংশও এলাকার বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিলেন। হ্যাঁ, তাদের সেই ভোট দিতেই হয়। তাদের মতামত বৈধভাবেই ছিনতাই হয়ে যায়। নিম্নবর্গের রাজনৈতিক অসচেতনতা ও অসংগঠিত অবস্থার কারণে এমনটা ঘটে। এ কারণেই বলা হয়, নিম্নবর্গ আসলে কথা বলতে পারে না।
ভোটের সময় তাদের পেশাগত স্বার্থ, মজুরি, শ্রম অধিকার কিংবা নাগরিক অধিকারের প্রশ্নগুলো আলোচনাতেই আসে না। তখন সামনে আনা হয় পরিচয়বাদী রাজনীতি। জাতিবাদী ও গোত্রীয় উন্মাদনায় মাতিয়ে তাদের ভোট নিয়ে নেওয়া হয়। তাদের ভাবতে বাধ্য করা হয়, কে তাদের ধর্মের, কে তাদের জেলার, কে ভারতবিরোধী, কে বেহেশতপন্থী, কে কোন তরিকার অনুসারী।
অথচ কে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে, সেই আলোচনা নির্বাচনের সময় আসে না। আসতে দেওয়াও হয় না। কারণ, যাবতীয় প্রচারযন্ত্র কোটিপতি সমাজেরই হাতে। ট্রাইবালদের মালিকানার বাইরে কোনো প্রচারযন্ত্র নেই।
এ অবস্থা হঠাৎ তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকেই চলছে। ইদানীং অনেকে একে বামপন্থী বা পরিবর্তনবাদীদের ব্যর্থতা হিসেবে দেখছেন। কিন্তু পরিবর্তনবাদীরা ব্যর্থ—এ কথা বলার চেয়ে ডানপন্থীরা সফল বললে পরিস্থিতি বুঝতে সুবিধা হয়।
আশুলিয়া, গাজীপুর কিংবা শ্রীমঙ্গলের জনপ্রতিনিধি একজন শ্রমিক নেতা নন। এটি পরিবর্তনবাদী রাজনীতির ব্যর্থতা নয়।
কিংবা দেখুন, আজকের জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য মাত্র সাতজন। আগের সংসদে ছিলেন ১৯ জন, তার আগের সংসদে ২২ জন। নারী সংসদ সদস্যের সংখ্যা কমে যাওয়ার এই ধারাকে কি নারী আন্দোলনের ব্যর্থতা বলবেন? নাকি দেশে, সমাজে ও রাজনীতিতে পুরুষতন্ত্রের প্রভাব হিসেবে দেখবেন?
আজ এত বড় অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়নের দাবিতে জোরালো ভূমিকা না রেখে পূজার সময় মন্দিরের সামনে গরু জবাইয়ে উৎসাহ ও সময় দিচ্ছেন। শিক্ষার্থীরা একটি দেশের ভবিষ্যৎ। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এখন কোনটি জরুরি? শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসার, নাকি ধর্মীয় ঠোকাঠুকি? এসব ঘটনা কি প্রগতিশীলদের গাফিলতির ফল, নাকি উগ্র সাম্প্রদায়িকতার সাফল্য?
পরিবর্তনবাদীরা সম্পদের সুষম বণ্টনের কথা বলেন। কিন্তু তা না হয়ে সমাজের ৫ শতাংশ মানুষের হাতে সম্পদ আরও বেশি করে পুঞ্জীভূত হচ্ছে। এখানে সফল বা ব্যর্থ কারা?