বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোলা মাঠে আয়োজিত এই সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের বড় উপস্থিতি ছিল।
প্রিন্স বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন।
তিনি বলেন, অন্যদিকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। তার মতে, পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
তিনি প্রশ্ন তুলে বলেন, তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়।
তিনি বলেন, সকলের মনে রাখা উচিত, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্ব চাই বলেও তিনি উল্লেখ করেন।
তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে তিনি মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করতে হবে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়, দিনটি মহান বিজয় দিবস হিসেবে পালিত হয়।
মহান বিজয় দিবস ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।