1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে কিছুটা স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেঞ্চুরিয়নে সেই প্রতিরোধের ছিটেফোঁটাও দেখা গেল না। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিষ্প্রভ পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে বড় পরাজয়ে।

দ্বিতীয় টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা হজম করতে হচ্ছে টাইগারদের।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারেনি দল। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি টাইগাররা। এবার তাদের ইনিংস থামে ১৮৪ রানে।

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। ম্যাচের নিয়ন্ত্রণ তখনই অনেকটা নিজেদের হাতে নিয়ে নেয় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের দ্রুত ফিরিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য খুব খারাপ ছিল না বাংলাদেশের। তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন মিলে উদ্বোধনী জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ১৫তম ওভারে উইয়ান মুল্ডারের বলে স্কয়ার কাট খেলতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ধরা পড়েন তানজিদ। ৪৮ বলে ২৯ রান করে ফেরেন তিনি।

এরপর দলীয় ৫৮ রানে মুমিনুল হককে হারায় বাংলাদেশ। মুল্ডারের বল তার গ্লাভসে লেগে রিকেলটনের হাতে জমা হলে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় তাকে। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া রবিনও বেশিক্ষণ টিকতে পারেননি। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬২ বলে ৩৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার।

৭৮ রানে তিন উইকেট হারানোর পর দলকে কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। বিশেষ করে হৃদয়ের ব্যাটে ছিল আক্রমণাত্মক মেজাজ। ইয়ানসেনের এক ওভারে তিনটি চার মারার পর কাগিসো রাবাদাকেও বাউন্ডারি হাঁকান তিনি।

তবে তাদের জুটি বেশিদূর এগোয়নি। ৩৩ বলে ৪১ রান করে জুবায়ের হামজার হাতে ক্যাচ দেন হৃদয়। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। শান্তর সঙ্গে ৭৬ বলে ৫০ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান্ত। কিন্তু ৩০ রানের জুটি ভেঙে লিটনকে ফিরিয়ে দেন মুল্ডার। এরপর যেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান এই প্রোটিয়া পেসার। জাকের আলী ও শরিফুল ইসলামকে পরপর দুই ওভারে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন তিনি।

এই ইনিংসেই টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পান মুল্ডার। তাতেও থামেননি তিনি। আরেক ওভারে শান্তকে ৩৪ রানে ফিরিয়ে বাংলাদেশের শেষ আশাটুকুও শেষ করে দেন। পরের ওভারে তাসকিন আহমেদকে বোল্ড করে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতা এবং বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারার ফলেই সেঞ্চুরিয়নে এমন বড় পরাজয়ের মুখে পড়তে হলো বাংলাদেশকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও যে টাইগারদের অবস্থানের অবনতি হবে তা নিশ্চিতভাবেই বলা যায়।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/sports/a15b-20261125

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ